রবিবার ২৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক তোফার সুস্থতা কামনায় দোয়া চাঁপাইনবাবগঞ্জে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রশিবির শিবগঞ্জে সড়ক প্রশস্ত করার দাবিতে ফেসবুকে গণলাইভ চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আরো ৪ শিশু ৫৯ বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, ভর্তি রোগী ১৬৪ জন গোমস্তাপুরে নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জুমারপাড়া কিশোরী ক্লাব লালনের বাণী ও গানে চাঁপাইনবাবগঞ্জে সাধুসঙ্গ ওবাইদুল আজিম রিংকুকে স্মরণ করল এসএসসি-৯৩ ব্যাচ বারঘরিয়া বাইশপুতুল দুর্গামন্দিরে বিজয়া পুনর্মিলনী
Printed on: October 25, 2026
August 16, 2026
গোমস্তাপুর
গোমস্তাপুর

রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা

Published: August 16, 2026 at 02:23 PM
রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান (মহাপরিকল্পনা) প্রণয়নে তৃতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রবিবার অনুষ্ঠিত সভায় পৌর এলাকার সড়ক ও যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন, নাগরিক সেবা সম্প্রসারণ, যানবাহন চলাচল এবং ভবিষ্যৎ নগরায়ণ নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন অংশীজনরা। 

বেলা ১১টায় রহনপুর পৌর চত্বরে পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) আওতায় মাস্টার প্ল্যানটি প্রণয়ন করা হচ্ছে। এ কাজে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ডাটা এঙ্পার্টস লিমিটেড, ডেভ কনসালট্যান্টস লিমিটেড ও জিও প্ল্যানিং ফর অ্যাডভান্সড ডেভেলপমেন্ট লিমিটেড (জিপিএডি)। 

রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রকল্পের সিনিয়র নগর পরিকল্পনাবিদ ও ডেপুটি টিম লিডার শামাউন আল নূর জরিপের ফলাফলের সারসংক্ষেপ উপস্থাপন করেন। একই সঙ্গে মাস্টার প্ল্যান প্রণয়নের প্রাথমিক দিকনির্দেশনা তুলে ধরেন তিনি। 

সভায় বক্তব্য দেন- এলজিইডির আরবান প্ল্যানার ফারহানা রহমান, রহনপুর  ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবুর রহমান, প্রভাষক তাজামুল ইসলাম, নাজিমুদ্দিন হীরা, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও নাহিদ ইসলাম, ব্যবসায়ী নেতা নাজমুল হুদা রুবেল, শিক্ষিকা ইয়াসমিন সুলতানা ও শাহনাজ বেগমসহ বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা। 

আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, রহনপুর পৌরসভার ভবিষ্যৎ উন্নয়নকে পরিকল্পিত ও টেকসই করতে বাস্তবভিত্তিক মাস্টার প্ল্যান জরুরি। পৌর এলাকার বর্তমান সমস্যা চিহ্নিত করে ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি, আবাসন, সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুবিধা ও পরিবেশের বিষয়গুলো পরিকল্পনায় যথাযথভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তারা আরো বলেন, অপরিকল্পিত নগরায়ণ ভবিষ্যতে নাগরিক দুর্ভোগ বাড়াতে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ও মতামতকে গুরুত্ব দিয়ে এমন একটি মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে, যা বাস্তবায়নযোগ্য এবং দীর্ঘমেয়াদে রহনপুর পৌরসভার সুশৃঙ্খল বিকাশে ভূমিকা রাখবে। 

সভায় অংশগ্রহণকারীরা পৌর এলাকার উন্নয়নকে আরো বাস্তবমুখী ও কার্যকর করতে বিভিন্ন সুপারিশ দেন। 

এসব মতামত ও সুপারিশ মাস্টার প্ল্যান প্রণয়নে বিবেচনায় নেয়া হবে বলে সভায় জানানো হয়।