শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৯ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 14, 2026
August 14, 2026
খেলাধুলা
খেলাধুলা

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম

Published: August 14, 2026 at 12:27 PM
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজলউডদের সামলে খেলেছেন ১০১ রানের ইনিংস। অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার তামিমই। চা বিরতির ফাঁকে তামিম জানিয়েছেন, স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং থেকে নিজেকে কিছুটা সরিয়ে এনে দলের প্রয়োজন অনুযায়ী খেলেছেন। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই তিন অঙ্কের দেখা পেয়েছেন তানজিদ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তিও গড়েছেন তিনি। ম্যাচ শেষে সাক্ষাৎকারে নিজের অনুভূতি জানিয়ে তানজিদ বলেন, ‘প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া। এখানে খেলতে পারাটা দারুণ একটা সুযোগ। আমার জন্য এটা খুবই বিশেষ, কারণ এখানে এটাই আমার প্রথমবার এবং আমার ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট।

সেঞ্চুরি করাটা আমার জন্য খুবই বিশেষ।’ স্বভাবতই আক্রমণাত্মক ব্যাটার হিসেবে পরিচিত তানজিদ। তবে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির পথে নিজের সেই আগ্রাসন অনেকটাই নিয়ন্ত্রণে রেখেছেন তিনি। শুরুতে ধৈর্য ধরে উইকেটে টিকে থেকে পরে নিজের শট খেলেছেন এই ওপেনার। এ নিয়ে তানজিদের ভাষ্য, ‘আমি মনে করি, দল যা চেয়েছে, আমি সেভাবেই খেলার চেষ্টা করেছি। আমার মনে হয়েছে উইকেট ভালো। তারা আমার বিপক্ষে খুব ভিন্নভাবে এসেছে এবং আমি স্বাভাবিক ক্রিকেট খেলার চেষ্টা করেছি, শান্ত থেকেছি।’ অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়নের মতো অভিজ্ঞ বোলারদের বিপক্ষে কিভাবে ব্যাটিং করেছেন, সেই প্রশ্নেও নিজের পরিকল্পনা পরিষ্কার করেছেন তানজিদ। তিনি বলেন, ‘আমি শুধু বল দেখেছি এবং মেরিট অনুযায়ী খেলেছি।

বেশি কিছু করার চেষ্টা করিনি, শুধু শান্ত থেকেছি এবং তারা যেভাবে বোলিং করেছে ও যেভাবে পরিকল্পনা করেছে, সেভাবেই খেলেছি। আমি শুধু ওই বলটাই খেলেছি।’ ডারউইনের উইকেট নিয়েও নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন তানজিদ। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের জন্য উইকেট আরও ভালো হয়েছে বলেই মনে করছেন তিনি, ‘আমার মনে হয় উইকেট আগের চেয়ে, বিশেষ করে প্রথম দিনের তুলনায় অনেক ভালো। আমার মনে হয় এটা আরও ভালো হতে থাকবে। এই উইকেটে আমরা যদি স্বাভাবিক ক্রিকেটীয় শট খেলি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে।’ তানজিদের সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিডের পথে এগিয়ে যায়। এমন অবস্থায় ড্রেসিংরুমে বড় কিছু করার বিশ্বাস তৈরি হয়েছে কি না? এমন প্রশ্নে অবশ্য সতর্ক তানজিদ। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমাদের আরও এই দুই সেশন খেলতে হবে। আমরা যদি এই দুই সেশনও খুব ভালোভাবে খেলতে পারি, তাহলে সেটা আমাদের দলের জন্য ভালো হবে।’