বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 13, 2026
August 13, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

শিবগঞ্জে ফুটপাতের পেঁয়াজি খেয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ

Published: August 13, 2026 at 02:30 PM
শিবগঞ্জে ফুটপাতের পেঁয়াজি খেয়ে ৯ শিক্ষার্থী অসুস্থ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থী ফুটপাতের একটি দোকানের পেঁয়াজি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে গুরুতর অসুস্থ সাতজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খাদ্যে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে চিকিৎসক জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীরা জানান, প্রতিদিনের মতো সকালে তারা বিদ্যালয়ে যান। এ সময় ৯ শিক্ষার্থী টিফিনের ফাঁকে স্কুলের সামনে একটি ফুটপাতের দোকান থেকে পেঁয়াজি কিনে খান। এরপর সাতজন গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকের মাধ্যমে বাড়িতে ফেরত পাঠানো হয়। বাকি গুরুতর আহত সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফাইফুল করিম জানান, টিফিনের ফাঁকে সপ্তম শ্রেণীর ৮-১০ জন শিক্ষার্থী বাইরে ফুটপাতের দোকানে পেঁয়াজি কিনে খায়। এর আধাঘণ্টা পর তাদের কারো মাথা ব্যথা, কারো মাথা ঘোরা এবং কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলে। তাৎক্ষণিকভাবে দুজন সুস্থ হলে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয় এবং বাকি সাতজনকে তিনি এবং অপর এক শিক্ষকের তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকদের খবর দেয়া হয়েছে এবং তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছেন।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো রহমতুল্লাহ জানান, খাদ্যের বিষক্রিয়া থেকে এ ধরনের ঘটনা ঘটেছে। বর্তমানে তারা বিপদমুক্ত। তবে তাদেরকে চিকিৎসাধীন অবস্থায় নজরদারিতে রাখা হয়েছে।