বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 13, 2026
August 13, 2026
খেলাধুলা
খেলাধুলা

ভিলাকে হারিয়ে ফের উয়েফা সুপার কাপ জিতলো পিএসজি

Published: August 13, 2026 at 12:59 PM
ভিলাকে হারিয়ে ফের উয়েফা সুপার কাপ জিতলো পিএসজি

ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুমের পর্দা উঠল জমজমাট এক লড়াই দিয়ে। উয়েফা সুপার কাপে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। এই ম্যাচে পিএসজির জয়ের নায়ক দেজিরে দুয়ে, দ্বিতীয়ার্ধে তার করা গোলেই নিশ্চিত হয় ফরাসি ক্লাবটির জয়। ম্যাচের ২০তম মিনিটে খভিচা কাভারাৎসখেলিয়ার শক্তিশালী শটে এগিয়ে যায় পিএসজি। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে ভিলা। প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হওয়া ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ব্রায়ান মাজদোর ভলি থেকে গোল পায় ইংলিশ ক্লাবটি। ফিফার সঙ্গে নিবন্ধন-সংক্রান্ত বিরোধ মিটিয়ে ম্যাচের কয়েক দিন আগে খেলার অনুমতি পেয়েছিলেন তিনি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য বদলে দেন দুয়ে। ৬১তম মিনিটে উসমান দেম্বেলের পাস ধরে জালে বল পাঠান তিনি। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও ভিডিও রিভিউয়ের পর সিদ্ধান্ত বদলে যায় এবং পিএসজির গোল বহাল থাকে। এই জয়ের ফলে সম্ভাব্য ছয়টি শিরোপার মৌসুমে প্রথম ট্রফি ঘরে তুলল পিএসজি। একই সঙ্গে রিয়াল মাদ্রিদের পর প্রথম দল হিসেবে টানা দুই বছর উয়েফা সুপার কাপ জিতল তারা। রিয়াল ২০১৬ ও ২০১৭ সালে টানা দুইবার এই শিরোপা জিতেছিল। উয়েফা সুপার কাপ প্রতি বছর চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ বিজয়ী ও ইউরোপা লিগের সর্বশেষ চ্যাম্পিয়নদের মধ্যে অনুষ্ঠিত হয়। এবার চ্যাম্পিয়ন্স লিগজয়ী পিএসজির প্রতিপক্ষ ছিল ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলা।