চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫৬টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল ফোন সেট ও একটি মোটর মোটরসাইকেল জব্দ এবং ৩ জনকে আটক করেছে ৫৯ বিজিবি।
গত সোমবার রাত সাড়ে ৯টায় উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে এই পরিমাণ ফোন সেট জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা গ্রামের মো. সহিমুদ্দিনের ছেলে মো. সানাউল্লাহ (২৮), মো. আবু সায়েদের ছেলে মো. হারুন-অর-রশিদ (১৯) ও মৃত আশরাফুল ইসলামের ছেলে মো. ইয়াসিন আলী (১৯)।
মঙ্গলবার সকালে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ১৮৫ হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। অভিযানে টহলদল মো. সানাউল্লাহ, মো. হারুন-অর-রশিদ ও মো. ইয়াসিন আলীকে ৫৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন সেট ও ১টি মোটরসাইকেলসহ আটক করে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আরো জানান, বিজিবি সকল প্রকার চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।