মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 11, 2026
August 10, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

চীনে ভয়াবহ ঘূর্ণিঝড় ডলফিনের আঘাতে ঘরছাড়া ১০ লাখ মানুষ

Published: August 10, 2026 at 01:06 PM
চীনে ভয়াবহ ঘূর্ণিঝড় ডলফিনের আঘাতে ঘরছাড়া ১০ লাখ মানুষ

চীনে ভয়াবহ ঘূর্ণিঝড় ডলফিন আঘাত হেনেছে। রোববার সন্ধ্যায় চীনের পূর্বাঞ্চলে আঘাত হানার পর সাংহাইসহ অঞ্চলটির বিভিন্ন এলাকা থেকে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় গত রোববার বিকেল সাড়ে ৫টায় ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানে প্রথম আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার (৯৪ মাইল)। প্রায় এক ঘণ্টা পর ওয়েনঝো শহরে দ্বিতীয়বারের মতো স্থলভাগে আঘাত হানে এটি। ঘূর্ণিঝড়ের কারণে পুরো অঞ্চলের পরিবহনব্যবস্থা ব্যাহত হয়েছে। শুধু সাংহাইতেই ১ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে চীনা কর্তৃপক্ষ ডলফিনের জন্য সর্বোচ্চ মাত্রার ‘রেড অ্যালার্ট’ জারি করেছিল।

তবে সোমবার সকালে এর মাত্রা কমিয়ে ‘ক্রান্তীয় ঝড়’ ঘোষণা করা হয়। ঘূর্ণিঝড়টি এখন চীনের অভ্যন্তরে অগ্রসর হচ্ছে। তবে আগামীকাল বুধবার পর্যন্ত প্রবল বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা এবং ভূমিধসের আশঙ্কায় সতর্ক করেছে কর্তৃপক্ষ। সোমবার শানডং, হেনান, হুবেই, আনহুই, জিয়াংসু, ঝেজিয়াং প্রদেশ এবং সাংহাইয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। স্থানীয় সরকারগুলো মানুষকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। পর্যটকদের কাছে জনপ্রিয় বেশ কয়েকটি দর্শনীয় স্থানও বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ডিজনিল্যান্ড ও লেগোল্যান্ডের কিছু অংশ এবং সাংহাইয়ের দ্য বান্ড এলাকার কয়েকটি পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে সাংহাইয়ের পর্যটকদের কাছে জনপ্রিয় সাবেক ফরাসি কনসেশন এলাকায় নিচতলার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে থাকতে দেখা গেছে।

অনেক মানুষকে গোড়ালি সমান পানির মধ্য দিয়ে হেঁটে যেতেও দেখা যায়। বেশ কয়েকটি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ঝেজিয়াংয়ের ওয়েনলিংয়ের নয় বছর বয়সী এক ছেলে সমুদ্রে ভেসে যাওয়ার পর নিখোঁজ রয়েছে। তবে চীনা কর্মকর্তারা এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর জানাননি। পূর্বাভাসদাতারা জানিয়েছেন, আগামী কয়েক দিনে ঝেজিয়াংয়ের কিছু এলাকায় ২৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ঝেজিয়াংয়ের রাজধানী হাংঝৌয়ে প্রবল বাতাস ও বন্যার পানির কারণে নিরাপদ আশ্রয়ের সন্ধানে থাকা গাড়িচালকদের জন্য সব সরকারি পার্কিং এলাকায় পার্কিং ফি মওকুফ করেছে কর্তৃপক্ষ। প্রদেশটির অন্যত্র ওয়েনঝো কর্তৃপক্ষ প্রায় ৯ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে এবং ১ হাজারের বেশি জরুরি আশ্রয়কেন্দ্র খুলেছে। তাইঝৌ শহরেও প্রায় ৩ লাখ ৯০ হাজার মানুষকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। উপকূলীয় ফুজিয়ান প্রদেশে সামুদ্রিক কর্তৃপক্ষ কয়েক ডজন যাত্রীবাহী ফেরি চলাচল স্থগিত করেছে।

পাশাপাশি সমুদ্র উপকূলে চলমান ১০০টির বেশি নির্মাণ প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে। চীনের রাষ্ট্রীয় সমপ্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, স্থলভাগে আঘাত হানার আগে ঘূর্ণিঝড়টি প্রায় ৬ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে। এর ফলে সাধারণ একটি ঘূর্ণিঝড়ের তুলনায় ডলফিনের স্থায়িত্ব তিন গুণেরও বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘূর্ণিঝড়কে ঘিরে চীনা ইন্টারনেটে ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। এ ধরনের তথ্য ছড়ানোর অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের একজন ৬০ বছর বয়সী। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে একটি ভুয়া ভিডিও তৈরি করেছিলেন। ভিডিওতে দাবি করা হয়, ঝড়ের সময় সাংহাইয়ে একজন ভবন থেকে পড়ে গেছেন। অন্য ব্যক্তি ৩২ বছর বয়সী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য ব্যবহারকারীদের পোস্ট করা ঘূর্ণিঝড়ের ভিডিও এমনভাবে সম্পাদনা করেছিলেন, যা বিভ্রান্তিকর বলে বিবেচিত হয়েছে। চীনে আঘাত হানার আগে ডলফিন ফিলিপাইন, উত্তর তাইওয়ানের কিছু এলাকা এবং জাপানের ওকিনাওয়া দ্বীপে প্রবল বৃষ্টিপাত নিয়ে আসে। ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে, ডলফিন এবং সপ্তাহের শুরুতে আঘাত হানা কয়েকটি ঝড়ের কারণে সৃষ্ট মৌসুমি ভারী বৃষ্টিতে দেশটিতে আটজনের মৃত্যু হয়েছে। দেশজুড়ে ৭ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। জাপানের ওকিনাওয়ায় পাঁচজন প্রবীণ ব্যক্তি আহত হয়েছেন। তবে তাদের কারও আঘাতই প্রাণঘাতী নয় বলে জানিয়েছে প্রিফেকচারাল সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মধ্যে তিনজন প্রবল বাতাসের কারণে পড়ে গিয়ে আহত হন।

সূত্র: বিবিসি