চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমনান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে নেশাজাতীয় সিরাপসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ৫৯ বিজিবি জানিয়েছে| সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাতভর এই অভিযান চালানো হয় বলেও বিজিবি জানায়|
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান|
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি’র সোনামসজিদ বিওপি এবং আজমতপুর বিওপি নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান দুটি পরিচালনা করে| এর মধ্যে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের ভেতরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী নতুন ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়| এ অভিযানে কামালপুর গ্রামের মো. আজিজুল হকের ছেলে মো. রাজিব আলী (২৯)কে ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ আটক করা হয়|
অন্যদিকে আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮১/৩-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের ভেতরে একই ইউনিয়নের আজমতপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়| এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়| বিজিবি’র পক্ষ হতে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত নেশাজাতীয় সিরাপগুলোর ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি|