বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 06, 2026
August 06, 2026
খেলাধুলা
খেলাধুলা

ভিনিকে আল্টিমেটাম দিলো রিয়াল

Published: August 06, 2026 at 01:17 PM
ভিনিকে আল্টিমেটাম দিলো রিয়াল

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তির মেয়াদ বাকি এক বছর। তবে সেই সময় শেষে যাতে তিনি ফ্রি এজেন্ট হিসেবে দলবদল করে না ফেলেন সেটি নিশ্চিতে লস ব্লাঙ্কোসরা তোড়জোড় চালাচ্ছে। ব্রাজিল তারকার চায় ক্লাবে নিজের সুযোগ-সুবিধা বাড়িয়ে নিতে, আবার তার সামনে আর্সেনালের বড় প্রস্তাব। দলবদল নিয়ে উভয়পক্ষের নাটকীয়তায় ইতি টানতে ভিনিসিয়ুসকে দ্রুততম সময়ে সিদ্ধান্ত জানাতে বলেছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়নরা। গত বুধবার মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের নতুন চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রতিনিধিদের সঙ্গে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হোসে অ্যাঞ্জেল সানচেজ ও জুনি কালাফাত। তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত থাকলেও, সেটি ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর লক্ষ্যে দুই পক্ষ আলোচনা চালায়। সেখানে ইতিবাচক কথা হয় বলে দাবি স্প্যানিশ সংবাদমাধ্যমের। যদিও ভালদেবেবাসে অনুষ্ঠিত বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

স্প্যানিশ গণমাধ্যম ‘কাদেনা সার’ জানিয়েছে, রিয়াল মাদ্রিদ তাদের প্রাথমিক প্রস্তাব উন্নীত করে মৌসুমপ্রতি ২ কোটি ৪০ লাখ ইউরো (নিট) বেতনের প্রস্তাব দিয়েছে, যা ২০৩১ সাল পর্যন্ত কার্যকর থাকবে। তবে এই প্রস্তাব ভিনিসিয়ুসের প্রাথমিক দাবি (মৌসুমপ্রতি ৩ কোটি ইউরো নেট বেতন) থেকে এখনও কিছুটা কম। আরেক সংবাদমাধ্যম ‘এএস’ বলছে, ২৫ বছর বয়সী এই উইঙ্গার নতুন চুক্তিতে পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন বোনাস বা ভ্যারিয়েবল অন্তর্ভুক্ত করার শর্তে নিজের প্রাথমিক দাবি কিছুটা কমাতে রাজি হয়েছেন। রিয়াল মাদ্রিদও এমন কাঠামো মেনে নিতে প্রস্তুত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া নতুন চুক্তিতে সম্ভাব্য নবায়ন বোনাস এবং ইমেজ রাইটসও আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে ক্লাব ও ভিনিসিয়ুস ইমেজ রাইটস থেকে প্রাপ্ত আয়ের ৫০ শতাংশ করে ভাগ পান। তবে ব্রাজিলিয়ান তারকা সেই অনুপাত নিজের পক্ষে বাড়াতে চান বলে জানা গেছে। কয়েকদিন আগের তুলনায় দুই পক্ষের অবস্থান এখন অনেকটাই নমনীয় হয়েছে এবং সমঝোতার বিষয়ে আশাবাদও বেড়েছে বলে স্প্যানিশ গণমাধ্যমের খবর। ফ্লোরেন্তিনো পেরেজের ক্লাব রিয়াল অবশ্য দ্রুততম সিদ্ধান্ত চায়। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভিনিসিয়ুসের হাতেই। পুরো পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছে ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনালও। এদিকে, দলবদল নিয়ে জোর আলোচনার মাঝে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের আগের সব পোস্ট মুছে দিয়েছে ভিনিসিয়ুস।