২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের দৌড় থেমেছিল শেষ ষোলোয় নরওয়ের কাছে ২-১ গোলে হেরে| নেইমার জুনিয়রের একমাত্র গোলটি কেবল সেলেসাওদের হারের ব্যবধান কমিয়েছে| এরপরই কাঁদতে কাঁদতে মাঠ ছাড়া এই তারকা অবসরের ইঙ্গিত দেন| তবুও যদি-কিন্তু মেলাচ্ছেন অনেকে| নেইমার অবশ্য নিজের পুরোনো সিদ্ধান্তেই অটুট, জানিয়েছেন জাতীয় দলে তার অধ্যায় শেষ| গত মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়েছে সান্তোস| এরপর মিক্সড জোনো জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন নেইমার| এ সময় ৩৪ বছর বয়সী তারকা বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ|
আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি| হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন সবকিছু উজাড় করে দিয়েছি| কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না|’ এমন ঘোষণা মূলত ব্রাজিলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার অধ্যায়ে চূড়ান্ত সীলমোহর দিয়ে দিলো| ফলে এখন কেবল নিজের ক্লাব ক্যারিয়ারেই মনোযোগ দিতে পারবেন নেইমার| পাঁচবারের বিশ^চ্যাম্পিয়নদের হয়ে তিনি ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯ অ্যাসিস্ট করেছেন| এর আগে ২০১০ সালে ১৮ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হয় তার| যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে তিনি মেটলাইফ স্টেডিয়ামে প্রথমবার ব্রাজিল সিনিয়র দলের হলুদ জার্সি গায়ে জড়ান|
সেখানেই দিয়েছিলেন বিদায়ের ইঙ্গিত| শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে হেরে বিশ^কাপ যাত্রা শেষ হওয়ার পর নেইমার ব্রাজিলের গ্লোভো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে| এখন সব শেষ| আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি| এখন সব শেষ| এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো|’ জাতীয় দলের হয়ে নেইমার একমাত্র শিরোপা জিতেছিলেন ২০১৩ সালের কনফেডারেশন্স কাপে| এ ছাড়া ২০১৬ সালের রিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলকে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন স্বর্ণপদক| অপূর্ণ রইলো বিশ্বকাপ জয়ের স্বপ্ন| কিছুদিন আগে তার ২০৩০ বিশ^কাপ খেলার গুঞ্জন ছড়ালেও, তা যে সত্যি নয় সেটাই প্রমাণ হলো নেইমারের সর্বশেষ মন্তব্যে| এদিকে, সম্প্রতি চ্যাপেকোয়েন্সের বিপক্ষে সান্তোসের ২-২ সমতায় ম্যাচ শেষে ড্রেসিংরুমে তরুণ সতীর্থদের ভর্ৎসনা করার অভিযোগ ওঠে নেইমারের বিরুদ্ধে| যা নিয়ে তিনি বলেন, ‘এসব সম্পূর্ণ মনগড়া গল্প| ইচ্ছাকৃতভাবে এমন খবর ছড়ানো হচ্ছে| ম্যাচের পর আমি শুধু বলেছিলাম, আমাদের আরও ভালো খেলতে হবে| এভাবে সহজে জয় হাতছাড়া করা যায় না| অধিনায়ক হিসেবে এসব বলা আমার দায়িত্ব| অন্য সতীর্থরাও (লুকাস ভেরিসিমো ও গাবিগোল) একই কথা বলেছিল|’