অবশেষে বহু প্রতীক্ষার অবসান হলো| ফরাসি ফুটবলের কিংবদন্তি জিনেদিন জিদানকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)| মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় সংস্থাটি| আপাতত তার সঙ্গে চার বছরের চুক্তি করেছে ফেডারেশন| ৫৪ বছর বয়সী জিদান দীর্ঘদিন ধরেই ফ্রান্স দলের কোচ হওয়ার অন্যতম প্রধান দাবিদার ছিলেন| ২০২১ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি ক্লাব ফুটবলে ফিরে না গিয়ে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় ছিলেন| তিনি দায়িত্ব নিচ্ছেন দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হয়ে|
২০১২ সালে ফ্রান্সের কোচ হওয়া দেশমের অধ্যায় শেষ হয়েছে চলতি মাসে, বিশ্বকাপে ফ্রান্সের চতুর্থ স্থান অর্জনের মধ্য দিয়ে| তার অধীনে ২০১৮ সালে বিশ^কাপ জেতে ফ্রান্স এবং ২০২২ সালের আসরেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি| প্যারিসে এফএফএফ সদর দপ্তরে আনুষ্ঠানিক পরিচিতি অনুষ্ঠানে জিদান বলেন, ফ্রান্স জাতীয় দলের কোচের পদটিই ছিল একমাত্র দায়িত্ব, যেটি আমি নিতে চেয়েছিলাম| গত চার-পাঁচ বছরে বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু সবই ফিরিয়ে দিয়েছি ফ্রান্সের অপেক্ষায়| ১৯৯৮ সালে বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের অন্যতম নায়ক জিদান দেশমের সতীর্থ ছিলেন|
খেলোয়াড়ি জীবনে তিনি ১৯৯৮ সালের বিশ^কাপ ও ২০০০ সালের ইউরো জিতে দেশের ফুটবল ইতিহাসে অমর হয়ে আছেন| কোচ হিসেবে এখন পর্যন্ত শুধুমাত্র রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করেছেন জিদান| তার নেতৃত্বে স্প্যানিশ ক্লাবটি ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস গড়ে| আধুনিক যুগে একটানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের এমন কীর্তি আর কোনো কোচ দেখাতে পারেননি| এবার সেই সফল কোচিং অভিজ্ঞতা নিয়ে ফরাসি জাতীয় দলের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জিদান| সমর্থকদের প্রত্যাশা, খেলোয়াড় ও কোচ-দুই ভূমিকাতেই কিংবদন্তি এই ফুটবল ব্যক্তিত্ব ফ্রান্সকে আবারও বড় কোনো আন্তর্জাতিক শিরোপার পথে এগিয়ে নেবেন|