বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 23, 2026
July 28, 2026
খেলাধুলা
খেলাধুলা

অধিনায়ক ছাড়াই দক্ষিণ আফ্রিকা গেলো ইমার্জিং দল

Published: July 28, 2026 at 01:17 PM
অধিনায়ক ছাড়াই দক্ষিণ আফ্রিকা গেলো ইমার্জিং দল

আগামী আগস্ট মাসে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ| ১৩ আগস্ট শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট| আর দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে ২২ আগস্ট| প্রায় একই সময়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ ‘এ’ দল, ইমার্জিং দল ও হাই পারফরম্যান্স ইউনিট| সবার আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৫টি ওয়ানডে আর দুটি ৪ দিনের ম্যাচ খেলতে গেল বাংলাদেশ ইমার্জিং দল| বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে ১৫ সদস্যের ইমার্জিং দল ঘোষণা করেছে| সেই দলে ৪ জন জাতীয় ক্রিকেটার (জাকির হাসান, শাহাদাত হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব ও মাহিদুল ইসলাম অঙ্কন) আছেন| বলে রাখা ভালো, বাঁহাতি টপ অর্ডার ব্যাটার জাকির হাসান ১৩টি টেস্ট, ২টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলেছেন|

এ ছাড়া ডানহাতি ওপেনার শাহাদাত হোসেন দীপুও ৬টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন| এক সময় জাতীয় দলের হয়ে ১০টি টি-টোয়েন্টি খেলা লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের সঙ্গে ১টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচে দেশকে প্রতিনিধিত্ব করা উইকেটকিপার-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনও আছেন| ধারণা করা হয়েছিল, জাকির ও অঙ্কনের মধ্যে কেউ একজন নেতৃত্ব দেবেন| কিন্তু অবাক করা সত্য হলো, খেলোয়াড় তালিকায় কারও নামের পাশেই অধিনায়ক শব্দটি লেখা নেই| বিসিবি থেকে যে আনুষ্ঠানিক খেলোয়াড় তালিকা ঘোষণা করা হয়েছে, তাতে ক্যাপ্টেন শব্দটাই নেই| কেউ কেউ মনে করেছিলেন, সেটা বোধ হয় ভুল| না, মোটেই ভুল নয়| বাস্তবে ইমার্জিং দল দ. আফ্রিকা গেছে অধিনায়ক ছাড়াই| মানে, কাউকেই অধিনায়ক করা হয়নি|

বিসিবি থেকে জানানো হয়েছে, ইচ্ছা করেই কাউকে অধিনায়ক করা হয়নি| এমনও হতে পারে, একেক ম্যাচে একেকজন অধিনায়কত্ব করবেন| শুধু অধিনায়ক ছাড়া দল ঘোষণা ও পাঠানোই নয়, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলসহ একটি ৩ দলের ৫০ ওভারের টুর্নামেন্ট এবং ৪ দিনের দুটি ম্যাচ খেলার জন্য ১৫ জনের যে ইমার্জিং দল গেছে, সেই দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো কর্মকর্তাও যাননি| দলটির হেড কোচ হিসেবে আছেন জাতীয় দলের সাবেক হেড কোচ মোহাম্মদ সালাউদ্দীন| স্পিন কোচ হিসেবে আছেন সাবেক জাতীয় ক্রিকেটার, সাবেক নির্বাচক ও বোর্ড পরিচালক আব্দুর রাজ্জাক| কোচিং স্টাফের অপর সদস্য হলেন গোলাম মুর্তজা| যেহেতু এটা হাই পারফরম্যান্স ইউনিটেরই একটি দল, তাই দলের সঙ্গে হাই পারফরম্যান্স ম্যানেজার জামাল বাবুও গেছেন| জানা গেছে, হেড কোচ সালাউদ্দীন দলের সঙ্গে যাননি| তিনি ২-১ দিনের মধ্যেই যাবেন|