রবিবার ২৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 26, 2026
July 26, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

চীনে পর্যটনকেন্দ্রে আকস্মিক বন্যায় অন্তত ১০ নিহত

Published: July 26, 2026 at 12:59 PM
চীনে পর্যটনকেন্দ্রে আকস্মিক বন্যায় অন্তত ১০ নিহত

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভারী বর্ষণে একটি দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্রে আকস্মিক বন্যা দেখা দিয়েছে| এতে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত অন্তত ১০ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন| চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| এতে বলা হয়েছে, গানসুর জনপ্রিয় ওই পর্যটন কেন্দ্র এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে| বন্যায় সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ| সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশের ডিংশি শহরের ওয়েইয়ুয়ান কাউন্টির ওই দর্শনীয় স্থানে কিছু পর্যটক তাঁবু খাটিয়ে ক্যাম্পিং করছিলেন| হঠাৎ কোনও পূর্বাভাস ছাড়াই পাহাড়ি ঢলের তোড়ে পুরো এলাকা প্লাবিত হলে পর্যটকরা সেখানে আটকা পড়েন এবং মুহূর্তের মধ্যেই অনেকে পানির তীব্র স্রোতে ভেসে যান|

রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকর্মীরা ১০ জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন| আহত অবস্থায় অন্তত ২৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক| দুর্ঘটনার পর পরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন, জননিরাপত্তা বাহিনী এবং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়| আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে এবং নিখোঁজদের খোঁজে জঙ্গল ও নদীসংলগ্ন এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়েছে| প্রশাসন বলেছে, ওই এলাকায় এখনও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার কারণে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে| স্থানীয় কর্তৃপক্ষ পর্যটন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে এবং সাধারণ মানুষকে নদী ও পাহাড়ী ঢলপ্রবণ এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে|

সূত্র : এএফপি, সিনহুয়া|