চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি| সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন পরিচালিত পৃথক দুটি অভিযানে সিরাপগুলো জব্দ করা হয়|
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি এই তথ্য জানিয়েছে|
বিজিবি আরো জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের হাউজফুল গ্রামের কেন্দ্রীয় মসজিদের সামনে অভিযান চালায়| জায়গাটি সীমান্ত পিলার ১৯৯/৫-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের ভেতরে অবস্থিত| এই অভিযানে টহলদল মালিকবিহীন অবস্থায় ১৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে| এছাড়াও মঙ্গলবার দিবাগত রাত ১টায় অপর অভিযানে সোনামসজিদ বিওপির আরেকটি টহল দল সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের মাঠের মধ্যে অভিযান চালায়| এই অভিযানেও মালিকবিহীন অবস্থায় ৫৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়|
প্রসঙ্গত, মহানন্দা ব্যাটালিয়ন গত ৩ মাসে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ জন আসামিসহ প্রায় ১১ হাজার ৮৮৬ বোতল কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে|
এ ব্যাপারে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে|