বিশ্বকাপের টানা তৃতীয় ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হতে চলেছে দিদিয়ের দেশমের দীর্ঘ কোচিং অধ্যায়| গত মঙ্গলবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে ২,০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স| এখন আগামী শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেই শেষবারের মতো ফরাসি জাতীয় দলের ডাগআউটে দেখা যাবে দেশমকে| এরপর তার উত্তরসূরি হিসেবে জিনেদিন জিদানের দায়িত্ব নেওয়ার জোর সম্ভাবনার কথা জানাচ্ছে ফরাসি গণমাধ্যম|
২০১২ সালে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেন দেশম| তার অধীনেই ২০১৮ সালে বিশ^কাপ জেতে ফ্রান্স এবং ২০২২ সালে রানার্সআপ হয়| এবার দলকে সেমিফাইনাল পর্যন্ত তুললেও স্পেনের বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছে| বিশ^কাপ শুরুর আগেই দেশম জানিয়েছিলেন, টুর্নামেন্ট শেষেই তিনি দায়িত্ব ছেড়ে দেবেন|
ফ্রান্সের ফুটবল ইতিহাসে দেশম অন্যতম সফল ব্যক্তিত্ব| ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে দেশকে প্রথম বিশ^কাপ জেতানোর পর ২০১৮ সালে কোচ হিসেবেও শিরোপা এনে দেন| ফলে খেলোয়াড় ও কোচ, দুই ভূমিকাতেই বিশ্বকাপ জয়ী ফুটবল ইতিহাসের বিরল ব্যক্তিত্বদের একজন হয়ে ওঠেন তিনি|
বিশ^কাপে দেশমের অধীনে ফ্রান্স ২৬টি ম্যাচ খেলেছে| এর মধ্যে পরিসংখ্যান অনুযায়ী তার মাত্র তিনটি আনুষ্ঠানিক হার রয়েছে| সেগুলো হলো ২০১৪ সালের কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে, ২০২২ সালের গ্রুপ পর্বে তিউনিসিয়ার বিপক্ষে এবং এবার স্পেনের বিপক্ষে সেমিফাইনালে| ২০২২ সালের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হারলেও ফিফার নিয়ম অনুযায়ী সেই ম্যাচটি আনুষ্ঠানিকভাবে ড্র হিসেবে গণ্য হওয়ায় তা পরাজয়ের তালিকায় যোগ হয়নি|
জাতীয় দলের কোচ হিসেবে দেশমের সামগ্রিক রেকর্ডও ঈর্ষণীয়| ১৮৪ ম্যাচে তার অধীনে ফ্রান্স জিতেছে ১২০টি, ড্র করেছে ৩৫টি এবং হেরেছে ২৯টি|
দেশমের বিদায়ের পর ফ্রান্সের নতুন কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে জিনেদিন জিদানের নাম| ১৯৯৮ সালের বিশ^কাপজয়ী ফরাসি দলের অন্যতম নায়ক ছিলেন তিনি| পরে কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়ে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতানোর কীর্তিও গড়েন|
ফরাসি গণমাধ্যমের দাবি, আনুষ্ঠানিক ঘোষণা এখনও না এলেও দেশমের উত্তরসূরি হিসেবে জিদানই দায়িত্ব নিতে যাচ্ছেন| ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও জানিয়েছেন, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের পরই শেষ হবে দেশম অধ্যায় এবং শুরু হবে জিদান যুগ|