বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 24, 2026
July 12, 2026
খেলাধুলা
খেলাধুলা

বেলিংহ্যামের জোড়া গোলে নরওয়েকে হারালো ইংল্যান্ড

Published: July 12, 2026 at 11:36 AM
বেলিংহ্যামের জোড়া গোলে নরওয়েকে হারালো ইংল্যান্ড

ব্রাজিলকে বিদায় করে ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল নরওয়ে। ম্যাচটিতে এক গোল করা আর্লিং হালান্ড কোয়ার্টারে একেবারে নিষ্প্রভ ছিলেন। উল্টো তার অপ্রয়োজনীয় এক ফাউলের কারণে গোল বাতিল হয় নরওয়ের। বিপরীতে জুড বেলিংহ্যামের জোড়া গোলে ২-১ গোলে জিতে ইংল্যান্ড সেমিফাইনালে উঠেছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই ইংলিশরা নরওয়েকে চেপে ধরলেও, প্রথমে গোলের খাতা খোলে হালান্ডের দল। তবে তাদের লিড টিকেছে কেবল ১১ মিনিট। বিরতির আগমুহূর্তে ইংলিশরা সমতায় ফেরার পর নির্ধারিত ৯০ মিনিট শেষেও স্কোরলাইন ১-১ অক্ষুণœ ছিল। ফলে খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ৯৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বেলিংহ্যাম ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন। ম্যাচের প্রথমার্ধে অবশ্য বল দখলে বেশ পিছিয়েই ছিল নরওয়ে। তবে বিরতির পর তার ধীরে ধীরে পজেশন নিজেদের নিয়ন্ত্রণে নিতে থাকে। শেষ পর্যন্ত ৫২ শতাংশ পজেশন রেখে ১৩টি শট নেয় প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টারে ওঠা স্ক্যান্ডিনেভিয়ান দেশটি। বিপরীতে ১৪ শটের ৮টিই লক্ষ্যে ছিল ইংলিশদের। রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা বেলিংহ্যাম এখন পর্যন্ত টুর্নামেন্টে ছয় গোল নিয়ে জাতীয় দল সতীর্থ হ্যারি কেইনের সঙ্গে যৌথভাবে তিনে অবস্থান করছেন।

আসরের সেরা গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে (৮) এবং আর্জেন্টিনার লিওনেল মেসি (৮)। আর সাত গোল করেছেন আর্লিং হালান্ড। এর আগে শেষ ষোলোতে সহ-আয়োজক মেক্সিকোকে হারানোর ম্যাচেও বেলিংহ্যাম জোড়া গোল করেছিলেন। ম্যাচে নরওয়ের হয়ে ৩৬তম মিনিটে গোল করেন আন্দ্রেয়াস শেলদেরুপ। প্রথমবারের মতো বিশ^কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা নরওয়ের ‘ভাইকিং রো’ উদযাপন এবং ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার স্ট্রাইকার আর্লিং হালান্ডের দাপুটে পারফরম্যান্সের কারণে পুরো টুর্নামেন্টজুড়ে ব্যাপক আলোচনায় ছিল। ম্যানচেস্টার সিটির এই তারকা চলতি সাত গোল করে গোল্ডেন বুটের দৌড়ে থাকলেও বিশ^কাপে প্রথমবারের মতো কোনো ম্যাচে গোল করতে পারেননি। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে তাকে তুলে নিয়ে মাঠে নামানো হয় ইয়র্গেন স্ট্রান্ড লারসেনকে। এর আগে ৫৬তম মিনিটে নরওয়ে প্রায় ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। কর্নার থেকে আসা বলে গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের প্রতিহত করা বল ফিরতি শটে জালে জড়ান টরবিয়র্ন হেগেম। তবে ভিডিও রিভিউ শেষে বক্সের ভেতরে হালান্ডের ফাউলের কারণে গোলটি বাতিল করা হয়।

তিনি অপ্রয়োজনেই ধাক্কা মেরে ফেলে দেন ইলিয়ট অ্যান্ডারসনকে। প্রথমার্ধেও পয়েন্ট-ব্ল্যাঙ্ক হেডে হালান্ডকে অনায়াসী সেভে গোলবঞ্চিত করেন পিকফোর্ড। টুর্নামেন্টে মাত্র দ্বিতীয়বারের মতো শুরুর একাদশে সুযোগ পাওয়া শেলদেরুপের শট ডান দিকের পোস্টে লেগে জালে জড়ায়। ততক্ষণ পর্যন্ত বলের দখলে আধিপত্য বিস্তার করছিল ইংল্যান্ড। বিরতির আগমুহূর্তে ইনজুরি সময়ে কয়েকজনকে কাটিয়ে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে সমতাসূচক গোল করেছেন বেলিংহ্যাম। বেলিংহামের সমতাসূচক গোলের ঠিক আগে নরওয়ের একটি গোল কিক থেকে আসা বলটি মাঠে পড়ার আগে আকাশে ঝুলন্ত ক্যামেরার তারে স্পর্শ করেছে বলে মনে হয়। নিয়ম অনুযায়ী, বলটি তারে লেগেছে বলে শনাক্ত হলে খেলা থামিয়ে ড্রপ বলের মাধ্যমে পুনরায় খেলা শুরু করে বলের দখল নির্ধারণ করা হতো। ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে বেলিংহ্যাম দলের এবং ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন। মরগান রজার্সের শট নরওয়ের গোলরক্ষক নিলান্ড সহজেই ধরে ফেলবেন বলেই মনে হচ্ছিল । কিন্তু বলটি বেরিয়ে যায় তার হাত ফসকে। সেখানেই প্রতিপক্ষের সুযোগের অপেক্ষায় থাকা বেলিংহ্যাম ক্ষিপ্রতার সঙ্গে গিয়ে ফিরতি বলে পা ছুঁয়ে জালে পাঠিয়ে দেন। শেষদিকে নরওয়ে মরিয়া হয়ে উঠলেও আর ম্যাচে ফিরতে পারেনি।