‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’— এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ পালিত হয়েছে|
চাঁপাইনবাবগঞ্জ এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শিশুমনি নিবাসে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন— সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন|
বিশেষ অতিথি ছিলেন— জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান, বিভাগীয় শ্রম দপ্তর রাজশাহীর সহকারী পরিচালক মো. আলমুতাজিদুল ইসলাম, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল আলীম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল এবং চাঁপাইনবাবগঞ্জ এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জুনিয়র প্রোগ্রাম অফিসার লাভলি খাতুন|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস|
দিবসটি উপলক্ষে শিশুমনি নিবাসের শিশুদের অংশগ্রহণে প্রথমে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়| পরে শূন্য ক্ষুধা, শূন্য অপুষ্টি, শূন্য শিক্ষাবঞ্চিত শিশু, শূন্য বাল্যবিয়ে এবং শূন্য প্লাস্টিক দূষণ গড়ে তোলার লক্ষে জনসচেতনতামূলক গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়| এছাড়াও ব্র্যাকের সহযোগিতায় ২০০ শিশুর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়|
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, ‘শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি| প্রতিটি শিশুর অধিকার নিরাপদ ˆশশব, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা| কোনো শিশুর স্থান কর্মক্ষেত্রে নয়, তাদের স্থান বিদ্যালয়ে| শিশুশ্রম প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, নিয়োগকর্তা এবং সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে|
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং শিশুমনি নিবাসের প্রায় দুই শতাধিক শিশু অংশগ্রহণ করে|
শেষে শিশুদের মধ্যে পুরস্কার, গাছের চারা বিতরণ এবং সম্মিলিত বৃক্ষরোপণের মাধ্যমে দিবসের কর্মসূচি শেষ হয়|
এছাড়াও স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের কানসাট ইউনিয়ন পরিষদ এবং বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুকগ্রামে পৃথক সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়| এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডলের তত্ত্বাবধানে আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, অভিভাবক, শিশু-কিশোর ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন|
কর্মসূচিতে শিশুশ্রম প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ, শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং শিশুদের জন্য নিরাপদ ও শোভন পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়|