চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রজব আলী (২৪) নামের এক যুবক খুন হয়েছেন| বুধবার দুপুরে জেলাশহরের প্রাণকেন্দ্র ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল সংলগ্ন পদ্মা ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে|
নিহত রজব চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের মসজিদপাড়ার নজরুল ইসলাম বাবুর ছেলে|
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এই তথ্য নিশ্চিত করেছেন|
তিনি জানান, বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে পদ্মা ক্লিনিকের সামনে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে রজব আলীকে তার প্রতিপক্ষ মসজিদপাড়ার মৃত বাবুর ছেলে মো. জিসান (২৪) ও একই মহল্লার আজিম উদ্দিন আক্কুর ছেলে মো. মেহেদী (২৩) রজবের বুকের ডানপাশে ছুরিকাঘাত করে| এতে সে গুরুতর জখম হয়| এ সময় স্থানীয় লোকজন আহত অবস্থায় রজবকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|
ওয়াসিম ফিরোজ আরো বলেন, খবর পেয়ে সদর থানার পুলিশ হাসপাতালে গেছে| বর্তমানে ভিকটিমের মৃতদেহ জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জের জরুরি বিভাগের বারান্দায় ট্রেজারের ওপর রয়েছে| উভয়ে মাদকাসক্ত ছিলেন বলে তিনি জানান|
এ ঘটনায় বুধবার রাত ৮টা পর্যন্ত মামলা হয়নি| তবে জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা করছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ|