বুধবার ২৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: June 24, 2026
June 24, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

পরিবেশ ক্লাবের সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচ

Published: June 24, 2026 at 01:51 PM
পরিবেশ ক্লাবের সদস্যদের প্রীতি ফুটবল ম্যাচ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের নামো হড়মা ঈদগাহ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে| গত মঙ্গলবার বিকেলে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির স্মার্ট প্রকল্পের মহানন্দা পরিবেশ ক্লাবের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়| 

প্রীতি ম্যাচে পরিবেশ ক্লাবের সদস্যরা সবুজ দল ও হলুদ দল নামে দুটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন| নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা টাইব্রেকারে গড়ায়| টাইব্রেকারে হলুদ দল ২-০ গোলে সবুজ দলকে পরাজিত করে বিজয়ী হয়| 

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— দেবীনগর দিয়াড় কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আব্দুস সালাম, ৯ নম্বর ওয়ার্ড সদস্য হুমায়ুন আহমেদ, স্মার্ট প্রকল্পের পরিবেশ কর্মকর্তা হাসান আসিফ ইকবাল মাহমুদ, ডকুমেন্টেশন অফিসার মঞ্জিলা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ|

খেলা শেষে সন্ধ্যায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়| 

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ দূষণ দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে এবং এ দূষণের জন্য মানুষই অনেকাংশে দায়ী| ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন| পাশাপাশি তরুণ সমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই| খেলাধুলা তরুণদের মাদকাসক্তি, কিশোর অপরাধ ও বিভিন্ন সামাজিক অপকর্ম থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| 

পরিবেশ সংরক্ষণের পাশাপাশি যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় মহানন্দা পরিবেশ ক্লাব এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে|

পরে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা| 

উল্লেখ্য, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি বাস্তবায়িত সাস্টেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়| প্রকল্পের আওতায় গঠিত ছয়টি পরিবেশ ক্লাব পরিবেশ উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত কাজ করে যাচ্ছে| 

এদিকে স্মার্ট প্রকল্পের উদ্যোগে এম.এম. হক আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়| প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়| পাশাপাশি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়|