চাঁপাইনবাবগঞ্জে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল অবস্থান কর্মসূচি পালন করেছে| কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এই কর্মসূচি পালন করা হয়|
আওয়ামী লীগ বা দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যাতে রাস্তায় নামতে না পারে সেই লক্ষে পৃথক আয়োজনে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল অবস্থান কর্মসূচির পাশাপাশি বিক্ষোভ মিছিলও বরে করে|
সকাল থেকেই নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে বিএনপি নেতাকর্মীদের বসে থাকতে দেখা যায়| অন্যদিকে জেলা ছাত্রদল নবাবগঞ্জ সরকারি কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে| এছাড়া স্বেচ্ছাসেবক দলের একটি মোটরসাইকেল র্যালি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে|
সকাল থেকে শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে জেলা যুবদলের নেতাকর্মীরা জড়ো হয়ে অবস্থান নেন এবং বিক্ষোভ মিছিল করেন| একই এলাকায় জেলা বিএনপি ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও অবস্থান কর্মসূচি পালন করেন| পরে ‘আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ’ জানিয়ে প্রতিবাদ মিছিল করে জেলা ছাত্রদল| এছাড়া শহরের বাতেন খাঁর মোড় এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে সতর্ক পাহারা দেন|
জেলা ছাত্রদলের সভাপতি মিম ফজলে আজিম বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে কোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা রুখে দিতেই তারা রাজপথে অবস্থান নিয়েছেন এবং তাদের এই কর্মসূচি চলমান থাকবে|
এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী হলেও সকাল থেকে জেলার কোথাও দলটির কোনো র্যালি, মিছিল বা তৎপরতা চোখে পড়েনি| তবে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে জেলাজুড়ে প্রশাসন কঠোর অবস্থানে ছিল| শহরের নিরাপত্তা নিশ্চিত করতে রাত থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও নজরদারি চালায় পুলিশ|
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন— কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ| কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি|