মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, মাদককে লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে|
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এই কর্মসূচির আয়োজন করে|
সকালে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামিউল ইসলাম| প্রধান অতিথি ছিলেন ডিএনসি’র উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান| বিশেষ অতিথি ছিলেন— জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ, বিদ্যালয়টির সহকারী শিক্ষক মো. ওবায়দুল্লাহ, সহকারী শিক্ষক মো. শফি উদ্দিন, ডিএনসি’র পরিদর্শক মো. রফিকুল ইসলাম|
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক এমনই একটি ব্যাধি যা শুধু পরিবার নয়, একটি সমাজ ও একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়| শুধু তাই নয়, মাদক গ্রহণ করার ফলে তরুণ প্রজন্মের ভবিষ্যৎও নষ্ট হচ্ছে| তারা বলেন, মাদকাসক্তির প্রথম ধাপ হচ্ছে বিড়ি বা সিগারেট| এরপর ধীরে ধীরে মাদকে আসক্ত হয় তরুণ প্রজন্ম| কাজেই একটি সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে পড়াশোনার বিকল্প নেই|
অনুষ্ঠানে প্রধান অতিথি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে আলোকপাত করেন এবং ডোপ টেস্টের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেন|
আলোচনা সভা শেষে সংগীত শিল্পী বাবলু মাদকবিরোধী সংগীত ও শিক্ষার্থীদের পছন্দের সংগীত পরিবেশনের মাঝে মাঝে মাদককে না বলার বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন|
এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়| পাশাপাশি ৭ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ১ম স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে মাদককে না বলুন লেখা সংবলিত ব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়|
অনুষ্ঠান শেষে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শনের পাশাপাশি সকলকে শপথবাক্য পাঠ করানো হয়|
উল্লেখ্য, প্রতি বছর ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়|