বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 23, 2026
জাতীয়
জাতীয়

প্রাথমিকে শিক্ষক বদলি ও পদায়নে চার স্তরের কমিটি গঠন

Published: June 23, 2026 at 01:12 PM
প্রাথমিকে শিক্ষক বদলি ও পদায়নে চার স্তরের কমিটি  গঠন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম আরো স্বচ্ছ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা বা থানাপর্যায়ে চার স্তরের কমিটি গঠন করেছে সরকার|

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে গত রবিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে|

উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে গঠিত এসব কমিটি অবিলম্বে কার্যকর করা হবে|

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় পর্যায়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে|

এ কমিটির সভাপতি করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে| সদস্য হিসেবে থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)|

কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করে সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তি করবে| একইসঙ্গে সভার কার্যবিবরণী ও বিস্তারিত প্রতিবেদন মন্ত্রীর অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠাবে|

আন্তঃবিভাগ ও আন্তঃসিটি করপোরেশন পর্যায়ের বদলির আবেদন যাচাই-বাছাই শেষে কমিটির অনুমোদনের ভিত্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) বদলির আদেশ জারি করবেন|

একইভাবে বিভাগীয় কমিশনারকে সভাপতি করে ‘আন্তঃবিভাগ প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে|

এ কমিটির সদস্য থাকবেন বিভাগীয় উপপরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা), দুজন গণ্যমান্য ব্যক্তি এবং বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা)| একই বিভাগের মধ্যে (সিটি করপোরেশন ব্যতীত) শিক্ষকদের বদলির আবেদন নিষ্পত্তি করবে এ কমিটি|

জেলাপর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হবে|

পাশাপাশি একই জেলার মধ্যে শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই করে কমিটির অনুমোদনের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলির আদেশ জারি করবেন|

অন্যদিকে উপজেলা বা থানাপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক কমিটি গঠন করা হয়েছে| এ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, দুজন গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা|

একই উপজেলা বা থানার মধ্যে শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও অনুমোদনের দায়িত্ব থাকবে এ কমিটির ওপর|

প্রজ্ঞাপনে আরো বলা হয়, যেসব বিদ্যালয়ে এর আগে প্রতিস্থাপন সাপেক্ষে শিক্ষকদের বদলির আদেশ দেওয়া হয়েছে, সেসব বিদ্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক পদায়ন নিশ্চিত করতে হবে| এছাড়া প্রতিটি কমিটিকে নিয়মিত সভা আয়োজন করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কার্যবিবরণী ও প্রতিবেদন পাঠাতে হবে|