রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 09, 2026
June 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শিবগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে পুকুর তল্লাশি করে মিলছে ভারতীয় গাড়ির যন্ত্রাংশ

Published: June 20, 2026 at 02:45 PM
শিবগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে পুকুর তল্লাশি করে মিলছে ভারতীয় গাড়ির যন্ত্রাংশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০৭ পিস যানবাহনের ভারতীয় যন্ত্রাংশ জব্দ করেছে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন| সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার এই অভিযান চালিয়ে যন্ত্রাংশগুলো জব্দ করা হয়|

শনিবার ৫৯ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে|

বিজিবি আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ৫৯ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৮৫/১২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়| স্থানটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের তালতলা এলাকা| সেখানে একটি পরিত্যক্ত পুকুরে তল্লাশি করা হয়| তল্লাশি করে টহলদল মালিকবিহীন ২০৭ পিস যানবাহনের ভারতীয় যন্ত্রাংশ জব্দ করে| জব্দকৃত ভারতীয় যানবাহনের যন্ত্রাংশগুলো প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে|

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে|