মঙ্গলবার ০৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 09, 2026
June 09, 2026
বিনোদন
বিনোদন

এবার হরর সিনেমায় দেখা যাবে নাজিফা তুষিকে

Published: June 09, 2026 at 01:33 PM
এবার হরর সিনেমায় দেখা যাবে নাজিফা তুষিকে

একের পর এক চমক দেখাচ্ছেন অভিনেত্রী নাজিফা তুষি। ‘হাওয়া’ দিয়ে বড় পর্দায় ঝড় তুলেছিলেন তিনি। গেল ঈদুল ফিতরে ‘প্রেশার কুকার’ দিয়ে দর্শকের মন জয় করেছেন। এবারের ঈদুল আজহায় ‘রইদ’ ছবিতে একদম ভিন্ন এক লুকে হাজির হয়ে আলোচনায় আছেন তিনি। সেইসব সাফল্যের ধারাবাহিকতায় আরও একবার ভিন্ন রূপে দর্শকের সামনে হাজির তুষি। ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ ‘অ্যানি’-তে নাজিফা তুষির ভিন্নধর্মী উপস্থিতি চমকে দিয়েছে দর্শক অনুরাগীদের। গত সোমবার রাতে প্রকাশিত হয়েছে সিরিজটির অফিশিয়াল ট্রেলার। বিশে^র মর্যাদাপূর্ণ সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর ‘ওমেন ইন সিরিজ’ বিভাগে নির্বাচিত বাংলাদেশের প্রথম সিরিজ ‘অ্যানি’, এ খবর আগেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবার প্রকাশিত হলো সিরিজটির ট্রেলার। নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের এই মিনিসিরিজের অফিসিয়াল ট্রেলার ও পোস্টার প্রকাশের মধ্য দিয়ে দর্শকদের সামনে উন্মোচিত হলো নাজিফা তুষি অভিনীত অ্যানির ডিস্টোপিয়ান, অস্বস্তিকর এবং রহস্যে ঘেরা এক পৃথিবী নিয়ে গল্পের ঝলক। জার্মানির কোলনে অবস্থিত ‘সিনেনোভা’ ভেন্যুর থিয়েটার ৩-এ বিশ^ প্রিমিয়ার হতে যাচ্ছে এই বাংলাদেশি সিরিজ। তার আগেই প্রকাশিত এই এর ট্রেলার। সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। তার চরিত্র অ্যানি একজন তরুণ নার্স, যিনি নিজের পাঁচ ভাইবোনকে আগলে রেখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান। কিন্তু এক ভয়াবহ হামলার পর তার জীবনের গতিপথ বদলে যায় চিরতরে। নিজের ভেতরে ও চারপাশে জমে থাকা সব ঘৃণার সঙ্গে লড়তে লড়তে, অ্যানি এমন এক অন্ধকারে নিজেকে খুঁজে পায়, যেখান থেকে সে প্রতিশোধ ছাড়া আর কিছুই দেখতে পায় না। নাজিফা তুষির পাশাপাশি সিরিজটিতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ অনেকে। বিশ^ প্রিমিয়ারে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও ভিসা জটিলতার কারণে কলাকুশলীরা জার্মানিতে উপস্থিত থাকতে পারছেন না। তবে তারা অনলাইনের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে যুক্ত হবেন। প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘প্রস্তুতি থাকা সত্ত্বেও উৎসবে সরাসরি অংশ নিতে না পারা অবশ্যই হতাশাজনক। তবে আমরা বিশ^াস করি, একটি কাজের সবচেয়ে বড় পরিচয় তার শিল্পমান। ‘অ্যানি’ সেই শক্তি নিয়েই আন্তর্জাতিক দর্শকদের সামনে বাংলাদেশের গল্প তুলে ধরবে।’ সিরিজ সংশ্লিষ্টরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘অ্যানি’ নির্মিত হয়েছে চেম্বার ড্রামার ভাষায়। সাদের পূর্ববর্তী কাজগুলোর মতোই এই সিরিজেও নারী-পুরুষ সম্পর্কের ভেতরের অসমতা, অবিশ^াস এবং সামাজিক সহিংসতার বিষয়গুলো নতুনভাবে অনুসন্ধান করা হয়েছে। ব্যক্তিগত ট্রমা এবং সামাজিক সংকটকে একসূত্রে গেঁথে নির্মিত এই সিরিজ আন্তর্জাতিক দর্শকদের কাছেও সমানভাবে প্রাসঙ্গিক হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা