বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 08, 2026
জাতীয়
জাতীয়

২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ : শিক্ষামন্ত্রী

Published: June 08, 2026 at 12:41 PM
২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ  : শিক্ষামন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে। এ লক্ষে দেশের সব শিক্ষা বোর্ডকে সুনির্দিষ্ট ও চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

জাতীয় পর্যায়ের ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি’ এবং প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টসহ মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান কর্মসূচি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশের পথ সুগম করতে এবং পরীক্ষা পরবর্তী সময় অপচয় রোধে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় চলমান এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নসহ যাবতীয় প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে। আগামী ২০ জুলাইয়ের মধ্যেই এই পরীক্ষার ফলাফল একযোগে দেশব্যাপী প্রকাশ করা হবে। বোর্ডগুলোকে সেই অনুযায়ী সার্বিক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।’

শিক্ষা ক্ষেত্রে সময়নিষ্ঠতা বজায় রাখার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের কারণে অনেক সময় নষ্ট হয়ে যায়। ১৮ বছর বয়সে যেখানে পড়াশোনা শেষ হওয়ার কথা, সেখানে সেশনজটের কারণে অনেকের ২০ বছর পার হয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের পূর্ণ সুবিধা নিতে হলে আমাদের এই সময় অপচয় রুখতেই হবে। শুধু এসএসসি নয়, উচ্চ মাধ্যমিক ও বিশ^বিদ্যালয় স্তরের সেশনগুলোকেও আমরা একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসছি।

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৩ বছরের কোর্স ৩ বছরে এবং ৫ বছরের কোর্স ৫ বছরেই শেষ করতে হবে, কোনো ওয়েটিং সেশন বা বিলম্ব বরদাশত করা হবে না।’

আগামী শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার পরিকল্পনা নিয়ে মন্ত্রী জানান, ২০২৬ সালের জুনের মধ্যেই শিক্ষার্থীদের সিলেবাস শেষ হয়ে যাবে। সেশনজট পুরোপুরি দূর করতে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে আগামী ২০২৭ সালের ৭ জানুয়ারি এসএসসি পরীক্ষা শুরু এবং ৮ ফেব্রুয়ারি শেষ করার একটি খসড়া রুটিন তৈরি করা হয়েছে। তবে রুটিনটি নিয়ে সর্বস্তরের মানুষের প্রতিক্রিয়া ও মতামত আমরা পর্যবেক্ষণ করছি। প্রয়োজনে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সাথে পুনরায় আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালকগণ উপস্থিত ছিলেন।