বুধবার ২৫ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
ডিজিটাল সেন্টার উদ্যোক্তা : গোমস্তাপুরের ডালিম পেলেন দেশসেরার সম্মাননা অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে চলছে না ৫টি ‘ভিআইপি’ যাত্রীবাহী বাস শিবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণ ঘটে নিহত আওয়ামী লীগ কর্মী চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৪৬ জন আফ্রিকা কাপ অব নেশন্স : চ্যাম্পিয়নশিপ ফিরে পেলো সেনেগাল ২০২৮ কোপা আমেরিকাও অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকায় নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন কেইন উইলিয়ামসন দেশের মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন আওয়ামী লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
Printed on: November 25, 2026
November 25, 2026
বিনোদন
বিনোদন

যে কারণে জাহ্নবীর হয়ে কথা বলতে চান না শ্রুতি

Published: November 25, 2026 at 12:15 PM
যে কারণে জাহ্নবীর হয়ে কথা বলতে চান না শ্রুতি

‘পেদ্দি’ সিনেমায় জাহ্নবী কাপুরের চরিত্রের আবেদনময়ী উপস্থাপন ও নারীকে পণ্যায়িত করা প্রসঙ্গে চলমান বিতর্কে এবার মুখ খুলেছেন অভিনেত্রী শ্রুতি হাসান। সিনেমাটির বিশেষ গান ‘হেল্লাল্লো’-তে পারফর্ম করা এই অভিনেত্রী জানিয়েছেন, আবেদনময়ীভাবে নিজেকে উপস্থাপন করতে তার আপত্তি নেই। তবে, জাহ্নবী সিনেমাটিতে কীভাবে উপস্থাপিত হয়েছেন বা বিষয়টি নিয়ে তার অভিজ্ঞতা কেমন, সে বিষয়ে মন্তব্য করতে চান না এই অভিনেত্রী। বুচি বাবু সানা পরিচালিত ‘পেদ্দি’ সিনেমায় জাহ্নবী কাপুরের অভিনয় ও তার চরিত্রের উপস্থাপন নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে সিনেমায় নারীর শরীরকে কীভাবে দেখানো হয়েছে, তা নিয়ে সমালোচনা করেছেন অনেকে। সেই বিতর্কে নতুন করে আলোচনায় এসেছে সিনেমাটির বিশেষ গান ‘হেল্লাল্লো’, যেখানে পারফর্ম করেছেন শ্রুতি হাসান। সম্প্রতি ‘গালাট্টা প্লাস’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে শ্রুতিকে প্রশ্ন করা হয়, সিনেমায় বিশেষ গান বা আইটেম নম্বর রাখার প্রবণতা এখনও কেন রয়েছে এবং ‘হেল্লাল্লো’তে কাজ করতে তিনি কেন রাজি হয়েছিলেন। উত্তুরে শ্রুতি বলেন, “আমি নাচতে ভালোবাসি, বিষয়টি একেবারে পরিষ্কার করে বলতে চাঁই। সাজগোজ করতেও আমার ভালো লাগে। আমি বিষয়টাকে এভাবেই দেখি। নিজের শরীরী আবেদন ও যৌনতার দৃশ্যমান উপস্থাপন নিয়ে আমার দৃষ্টিভঙ্গি আমাকে অনেক বেশি স্বাধীনতা দিয়েছে। আমি কখনোই কাউকে খুশি করার জন্য কিছু করিনি। তাই কোনো কিছুতে স্বাচ্ছন্দ্য বোধ না করলে সরাসরি বলে দিই, এটা পরব না।

নিশ্চিন্ত থাকতে পারেন, কোনো কিছু করছি মানে তাতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করছি। অস্বস্তি লাগলে আমি সেটা করব না। এ নিয়ে আমার তর্কও হয়েছে, আমাকে কঠিন স্বভাবের মানুষও বলা হয়েছে। তাতে আমার কোনো সমস্যা নেই।” শ্রুতি আরও জানান, কোনো পোশাক বা পারফরম্যান্সে অস্বস্তি বোধ করলে নিজের সীমারেখা স্পষ্ট করে দিতে তিনি দ্বিধা করেন না। এ কারণে তাকে কঠিন স্বভাবের বলে মনে করা হলেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন। তার কাছে কোনো গানে পারফর্ম করা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের বিষয়। পুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করার জন্য তিনি এমন পারফরম্যান্স করেন না বলেও স্পষ্ট করেছেন। সিনেমায় নারীকে পণ্য হিসেবে ব্যবহার করা নিয়ে চলমান বৃহত্তর বিতর্কেও নিজের মত জানিয়েছেন শ্রুতি। তার মতে, বিষয়টি শুধু আইটেম গান বা খোলামেলা পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের বিভিন্ন ক্ষেত্র ও চলচ্চিত্র নির্মাণের নানা পর্যায়েই কাউকে খুশি করার প্রবণতা রয়েছে।

তাই এই আলোচনা কেবল বিশেষ গানকে ঘিরে সীমাবদ্ধ রাখলে চলবে না। তবে ‘পেদ্দি’ সিনেমায় জাহ্নবীর অভিজ্ঞতা নিয়ে মন্তব্য করতে চাননি শ্রুতি। একই গানে দুজনের পর্দা ভাগাভাগি হলেও জাহ্নবীর হয়ে কথা বলাকে উপযুক্ত মনে করেন না তিনি। সিনেমায় তার চরিত্র কীভাবে উপস্থাপন হয়েছে কিংবা পুরো বিষয়টি জাহ্নবী কীভাবে দেখেছেন, তা নিয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেছেন অভিনেত্রী। এর আগে গত অক্টোবরে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়ে সিনেমাটি নিয়ে চলা সমালোচনার জবাব দিয়েছিলেন জাহ্নবী। তিনি স্বীকার করেছিলেন, সিনেমায় নারীদের উপস্থাপনার কিছু দিক সমস্যাজনক ছিল। বিশেষ করে যৌন সহিংসতার চিত্রায়ণ সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মেনে নেন অভিনেত্রী। জাহ্নবী আরও ভেবেছিলেন, সিনেমায় নারীর অবজেক্টিফিকেশনের বিষয়টি নিয়ে তার আরও সতর্ক হওয়া উচিত ছিল কি না। ভবিষ্যতে নিজের কোনো সিনেমায় যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সচেতন থাকার কথাও জানিয়েছিলেন তিনি। এদিকে, শ্রুতি হাসানকে সর্বশেষ দেখা গেছে ‘আকাশমলো ওকা তারা’ সিনেমায়। গত শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমাটি। সামনে বিজয় সেতুপতি অভিনীত মাইস্কিন পরিচালিত তামিল থ্রিলার ‘ট্রেন’-এ দেখা যাবে তাকে। আগামী ৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।