চাঁপাইনবাবগঞ্জের দুস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে ৭৫ জন নারীর মধ্যে একটি করে সেলাইমেশিন বিতরণ করা হয়।
রবিবার দুপুর ১২টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে সেলাইমেশিনগুলো বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হারুনুর রশীদ।
বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলামসহ জনপ্রতিনিধি ও বিএনপির নেতৃবৃন্দ।
এসময় হারুনুর রশীদ উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন— দেশের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই অংশ হিসেবে তিনি ফ্যামিলি কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছেন। বর্তমানে শুমারি চলছে। আশা করি, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ করা সম্ভব হবে।
হারুনুর রশীদ বলেন— এই যে সেলাইমেশিনগুলো দেয়া হলো সেগুলো আপনারা ব্যবহার করবেন। বাড়ির কাজ করার পাশাপাশি অন্যদের কাজ করে দিয়ে বাড়তি রোজগার করবেন। এতে সংসারে সচ্ছলতা অসবে। এসময় সেলাইমেশিনগুলোর যত্ন নেয়ার আহ্বান জানান তিনি।