রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
November 01, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বিসিকের ২য় ব্যাচের শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Published: November 01, 2026 at 01:35 PM
বিসিকের ২য় ব্যাচের শিল্প  উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ  কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে দ্বিতীয় ব্যাচের ৫ দিনব্যাপী ‘শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে’র উদ্বোধন করা হয়েছে।

রবিবার জেলা বিসিক ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সাজিদুল ইসলাম। সূচনা বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মোহা. আব্দুর রহিম। 

বক্তারা প্রশিক্ষণ কোর্সের উদ্দেশ্য, গুরুত্ব এবং নতুন উদ্যোক্তা সৃষ্টিতে বিসিকের বিভিন্ন কার্যক্রম ও সহযোগিতার বিষয় তুলে ধরেন। পাশাপাশি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ব্যবসা নির্বাচন ও সম্ভাব্যতা যাচাই, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন, শিল্প নিবন্ধন, বিসিকের সহায়তা ও ঋণ সুবিধা, অনলাইন মার্কেটিং এবং শিল্প পরিচালনার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

বিসিকের এ প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, প্রশিক্ষণ কোর্সটি রবিবার থেকে শুরু হয় আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে। এর আয়োজন করেছে বিসিকের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়।