চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে জেলাশহরের উদয়ন মোড়ে আলাউদ্দিন চাইনিজ ও ফাস্ট ফুডের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় আয়োজিত প্রশিক্ষণে হোটেল ও রেস্তোরাঁ মালিক ও কর্মচারী, খাদ্যপণ্য বিক্রেতা, মুদি দোকানদার, মাছ ও মাংস বিক্রেতাসহ খাদ্যপণ্য বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা মাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। তিনি তার বক্তব্যে খাদ্য ও খাদ্যপণ্যে ভেজাল বা কেমিকেল ব্যবহার না করে মাসম্মত খাদ্য উৎপাদন, বিপণন, বাজারজাতকরণ ও বিক্রয়ের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন— পানি দূষিত থাকলে সরাসরি পেটে গিয়ে পানিবাহিত নানান ধরনের রোগবালাই হয়। আর খাদ্যে কেমিকেল ব্যবহারের কারণে কিডনি, হৃদরোগ, ক্যানসারের মতো মৃত্যুঘাতী রোগ হয়। কাজেই মানদণ্ড বজায় রেখে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করবেন। নিজের বিবেকের কাছে দায়ী থাকবেন না। মনে রাখতে হবে, আপনারা যারা পণ্য উৎপাদন করেন তারাও কিন্তু ভোক্তা। আপনি অন্যকে ঠকাচ্ছেন, অন্যদের উৎপাদিত পণ্য কিনে আপনিও ঠকছেন।
এসময় নিরাপদ খাদ্য আইন ২০১৩ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন দিক তুলে ধরে জেলা প্রশাসক বলেন— আপনারা সচেতন না হলে এই দুটি আইনের আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন) অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সম্পর্কিত এবং নিরাপদ খাদ্য বিষয়ে বিস্তারিত তথ্য মাল্টিমিডিয়ায় তুলে ধরেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিলুজ্জামান। তিনি তার উপস্থাপনায় জানান, অনিরাপদ খাদ্যের প্রভাবে বাংলাদেশে প্রায় ২০ লাখ মানুষ ক্যানসারে আক্রান্ত। প্রতিবছর আরো মানুষ যোগ হচ্ছে এই তালিকায়; এর মধ্যে বাংলাদেশে প্রায় ২ কোটি মানুষ কিডনি রোগে ভুগছে। প্রতিবছর প্রায় চল্লিশ হাজার কিডনি পুরোপুরি অকেজো হচ্ছে; দেশের প্রতি ৫ জন তরুণের মধ্যে ১ জন হৃদরোগের ঝুঁকিতে রয়েছে; দেশের আনুমানিক ৮ থেকে ১০ লাখ মানুষ লিভার সিরোসিসে আক্রান্ত; বাংলাদেশে প্রতি ৫ জনে ১ জন প্রাপ্তবয়স্ক মানুষ (২১ শতাংশ) উচ্চ রক্তচাপে আক্রান্ত। যার অন্যতম কারণ অনিরাপদ খাদ্য গ্রহণ।
এছাড়াও আলোচনা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর কোবাদ আলী। তিনি জানান, ইতোপূর্বে দুধের মধ্যে চিংড়ি মাছ পাওয়া গেছে। দুধ সরবরাহকারীরা মহানন্দা নদী থেকে পানি তুলে সরাসরি দুধে মিশিয়ে সেই দুধ বাসাবাড়ি বা বিভিন্ন হোটেলে সরবরাহ করেন। মরা মরগি বিক্রির অভিযোগে জরিমানাও করা হয়েছে।