রবিবার ২৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 25, 2026
October 25, 2026
বিনোদন
বিনোদন

নতুন রূপে পর্দায় আসছেন পরীমণি

Published: October 25, 2026 at 01:32 PM
নতুন রূপে পর্দায় আসছেন পরীমণি

জন্মদিনের আনন্দের সঙ্গে ভক্তদের জন্য নতুন চমক নিয়ে এলেন চিত্রনায়িকা পরীমণি। বিশেষ এই দিনেই জানালেন নিজের নতুন সিনেমার খবর। ‘ফারজানা’ নামের সিনেমাটি পরিচালনা করছেন তারেক রহমান। সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এখন বাকি রয়েছে কিছু কাজ। সেগুলো সম্পন্ন করে শিগগিরই সিনেমাটি নিয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। গত শনিবার ছিল পরীমণির জন্মদিন। দিনটি উদযাপনে সন্ধ্যায় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে বিশেষ আয়োজন করেন তিনি। অনুষ্ঠানের সাজসজ্জায় ছিল শিউলি ফুলের প্রাধান্য। ভেন্যুর সিঁড়ি থেকে শুরু করে নিজের পোশাকেও ফুলটির উপস্থিতি রেখেছিলেন অভিনেত্রী। শিউলি ফুলের নকশা করা শাড়িতে জন্মদিনের আয়োজনে হাজির হয়ে আলাদা নজর কাড়েন তিনি। জন্মদিনের অনুষ্ঠানে নতুন সিনেমার ঘোষণা দেওয়ার প্রসঙ্গেও কথা বলেন পরীমণি। তার ভাষ্য, এদিন সিনেমাটি নিয়ে প্রশ্ন আসতে পারে, এমনটা আগেই অনুমান করেছিলেন তিনি। তাই বিষয়টি নিয়ে কথা বলার প্রস্তুতি নিয়েই অনুষ্ঠানে এসেছেন। পরীমণি বলেন, ‘জন্মদিনে একটা সারপ্রাইজ আছে। আমার মনে হয়, আপনারা আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করবেন। তাই উত্তর ঠিক করে এসেছি। আমার মনে হলো, এটা সুন্দর সময়। এখানে কাজ নিয়েও কথা বলা যায়।’ ‘ফারজানা’ সিনেমার প্রস্তুতি ও নির্মাণের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী জানান, প্রায় ছয় মাস আগেই সিনেমাটির লুক চূড়ান্ত করা হয়েছিল। তবে কাজ শুরু করতে গিয়ে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। শেষ পর্যন্ত শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। এখন কিছু কাজ বাকি রয়েছে। সেগুলো শেষ হলেই সিনেমাটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। সিনেমাটি নিয়ে আশাবাদী পরিচালক তারেক রহমানও। নতুন এই কাজের মধ্য দিয়ে দর্শক পরীমণিকে ভিন্নভাবে আবিষ্কার করবেন বলে প্রত্যাশা তাঁর। পরিচালক বলেন, ‘আমরা সুন্দর একটা জার্নি শুরু করতে যাচ্ছি। আশা করি, জার্নিটা সুন্দর হবে। আপনারা নতুন পরীমণিকে আবিষ্কার করবেন।’ জন্মদিনের আয়োজনে নতুন সিনেমার খবর দিয়ে পরীমণি যেমন ভক্তদের কৌতূহল বাড়িয়েছেন, তেমনি ‘ফারজানা’য় তাঁর চরিত্র ও অভিনয়ের ধরন নিয়েও তৈরি হয়েছে আগ্রহ। তবে সিনেমাটির গল্প, সহশিল্পী ও মুক্তির সময় নিয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি সংশ্লিষ্টরা। বাকি কাজ শেষ করে আনুষ্ঠানিকভাবে সিনেমাটি সম্পর্কে জানানো হবে।