বুধবার ২১ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 21, 2026
October 21, 2026
বিনোদন
বিনোদন

এবার লন্ডনে যাচ্ছে ‘দেলুপি’

Published: October 21, 2026 at 12:00 PM
এবার লন্ডনে যাচ্ছে ‘দেলুপি’

তিন দিন আগেই উত্তর আমেরিকার তাসভির চলচ্চিত্র উৎসবে চমক দেখিয়েছে মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’। সিনেমাটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চিরনজিৎ বিশ্বাস। মর্যাদাপূর্ণ এ উৎসবে এমন স্বীকৃতি নিঃসন্দেহে বড় ব্যাপার। সেই রেশ কাটতে না কাটতেই নতুন সুখবর এলো ‘দেলুপি’ শিবিরে। এবার লন্ডনের একটি উৎসবে দেখানো হবে সিনেমাটি। লন্ডন ব্রিজ ফিল্ম ফেস্টিভ্যালের মূল প্রতিযোগিতায় প্রদর্শিত হবে এটি। খবরটি জানান নির্মাতা তাওকীর। তিনি জানান, আগামী শনিবার সন্ধ্যায় হবে ‘দেলুপি’র প্রদর্শনী। তবে টিম থেকে তারা কেউই এতে অংশ নিতে পারছেন না। সে জন্য লন্ডনে বসবাসরত বাংলাদেশিদের আহ্বান জানিয়েছেন, তারা যেন দলেবলে গিয়ে সিনেমাটি দেখেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এর আগে আরও অনেক উৎসবেই অংশ নিয়েছিল ‘দেলুপি’। এমনকি নেদারল্যান্ডের বিখ্যাত রটারড্যাম উৎসবেও প্রদর্শিত হয়েছিল সিনেমাটি। ভূয়সী প্রশংসা পেয়েছিল ইতালির কারাভান উৎসবেও। ২০২৪ সালে খুলনা অঞ্চলে নদীর বাঁধ ভেঙে সৃষ্ট পরিস্থিতি ও রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘দেলুপি’। এতে অভিনয়ও করেছেন সেখানকার স্থানীয় মানুষেরা। চিত্রনাট্য ও নির্মাণের মুন্সিয়ানায় দর্শক-সমালোচকদের মন জয় করে নিয়েছে সিনেমাটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।