বুধবার ০৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 07, 2026
October 07, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন বুলবুল এমপি

Published: October 07, 2026 at 01:27 PM
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে  ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট দিলেন বুলবুল এমপি

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের নিজস্ব অর্থায়নে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে ডেঙ্গু শনাক্তকরণ কিট তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।

এসময় তিনি বলেন ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন। তিনি বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে হলে প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

নূরুল ইসলাম বুলবুল এমপি জানান, হাসপাতালের চিকিৎসক সংকটসহ যেসকল সমস্যা বিদ্যমান রয়েছে সেসব সমস্যা সমাধানে তিনি প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি আশা করেন, দ্রুত সমস্যাগুলো সমাধান হবে।  তিনি বলেন, জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, তা করার চেষ্টা অব্যাহত থাকবে।

জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান জানান, কিছুদিন আগে জাতীয় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল হাসপাতাল পরিদর্শনে আসেন এবং চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন। সে সময় তিনি ডেঙ্গু শনাক্তকরণ কিটসহ বিভিন্ন সংকট সমাধানের আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় আজ এমপি মহোদয় ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান করলেন। এসব কিট দিয়ে আগামী ৩/৪ মাসের প্রয়োজন মেটানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক এমপি লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু বকরসহ অন্য নেতৃবৃন্দ এবং হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।