চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু নিধনে মঙ্গলবারও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন গঠিত ৮টি টিম।
ডেঙ্গু রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ১৫ নম্বর ওয়ার্ডের মসজিদপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে টিম-১। অভিযানকালে কয়েকটি স্থানে এডিস মশার লার্ভা শনাক্ত করে তাৎক্ষণিক তা ধ্বংস করা হয়। এই টিমে কাউন্সিলরের দায়িত্ব থাকা চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন ও টিম লিডার পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে টিম লিডার পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলামের নেতেৃত্বে ২ নম্বর টিম ২নং ওয়ার্ডের কালিতলা ও ডিসি মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বাড়ির সামনে থেকে এডিস মশার লার্ভা পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করা হয়।
অপরদিকে টিম লিডার পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীবের নেতৃত্বে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্বরূপনগর, শাহীবাগ বিশ্বরোড মোড় এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
৪ নম্বর টিম ৫নং ওয়ার্ডের উপররাজারামপুর কুমারপাড়ায় অভিযান চালায়। এসময় একটি বাড়িতে কয়েকটি ড্রামে জমানো পানি এবং বালতিতে লার্ভার উপস্থিতি পরিলক্ষিত হয়। সেই পানি অপসারণ করে সেখানে লার্ভিসাইট স্প্রে করা হয়।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রাজারামপুর-পুড়াপাড়া, কালুহাজিপাড়া, মিয়াপাড়া, অচিনপুর, দেরাসউতুল্লাহপাড়া ও তাবারকপাড়া এলাকাতেও এ অভিযান পরিচালিত হয়।
অন্যান্য টিমও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
অভিযানের সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করা হয়। লার্ভিসাইট স্প্রেসহ ফগার দিয়ে ধোঁয়া দেয়া হয়।