মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 22, 2026
September 22, 2026
বিনোদন
বিনোদন

টরন্টো জয় করে এবার অস্কারের পথে ‘অ্যাং’

Published: September 22, 2026 at 01:10 PM
টরন্টো জয় করে এবার অস্কারের পথে ‘অ্যাং’

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (টিআইএফএফ) প্ল্যাটফর্ম পুরস্কার জয়ের পর এবার ২০২৭ সালের অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে জায়গা করে নিয়েছে ভারতীয় নির্মাতা থেজা রিওর সিনেমা ‘অ্যাং’। এটি রিওর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে ২০২১ সালে একই নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন তিনি, যা ক্লেরমঁ-ফেরাঁ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিল। টিআইএফএফের প্ল্যাটফর্ম প্রতিযোগিতায় পাঁচ সদস্যের আন্তর্জাতিক জুরি ‘অ্যাং’কে বিজয়ী ঘোষণা করে ২০ হাজার কানাডিয়ান ডলার পুরস্কার দিয়েছে। সিনেমাটির নির্মাণশৈলী, ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি এবং একটি নির্দিষ্ট জগতের গভীর ও আবেগপূর্ণ চিত্রায়নের প্রশংসা করেছে জুরি। নাগাল্যান্ডের কোহিমায় জন্ম নেওয়া ৩১ বছর বয়সী থেজা রিও নিজের জায়গা, মানুষ ও সংস্কৃতির প্রতি ভালোবাসা থেকেই সিনেমাটি নির্মাণ করেছেন। ষাটের দশকের প্রেক্ষাপটে ভারত-মিয়ানমার সীমান্তবর্তী নাগাল্যান্ডের ঘন জঙ্গলের একটি নির্জন কনিয়াক গ্রামকে ঘিরে আবর্তিত হয়েছে গল্প। গ্রামের প্রধান আংবা দেখছেন, একে একে তার মানুষজন গ্রাম ছেড়ে কাছের আমেরিকান মিশনকেন্দ্রিক নতুন বসতিতে চলে যাচ্ছে। সেখানে তারা গ্রহণ করছে পশ্চিমা পোশাক, চার্চ, ইংরেজি শিক্ষা ও নতুন ভাষা। পুরোনো গ্রামে থেকে যায় শুধু আংবা, তার অসুস্থ স্ত্রী ও বাকপ্রতিবন্ধী ছেলে আমাও। তাদের গল্পের মধ্য দিয়ে উপনিবেশ, ধর্মীয় প্রভাব ও সাংস্কৃতিক পরিবর্তনের জটিল ইতিহাস তুলে ধরেছেন রিও। তার ভাষায়, ‘অ্যাং’ শুধু একটি চলচ্চিত্র নয়, নাগা জনগোষ্ঠীর ভেতর থেকে বলা আত্মকথন। সাধারণত অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিটি দেশ একটি সিনেমা মনোনয়ন দেয়। তবে এবার প্রথমবারের মতো বিশ্বের ছয়টি চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় বিজয়ী সিনেমাগুলো সরাসরি গ্রহণ করছে অ্যাকাডেমি। টিআইএফএফের প্ল্যাটফর্ম বিজয়ী হিসেবে সেই সুযোগ পেয়েছে ‘অ্যাং’। এদিকে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ভারতের পক্ষ থেকে আন্তর্জাতিক ফিচার বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে মারাঠি থ্রিলার ‘গোন্ধল’। সন্তোষ দাভাখার পরিচালিত সিনেমাটি ২০২৫ সালের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) সিলভার পিকক পুরস্কার পেয়েছিল। ফলে ২০২৭ সালের অস্কার ঘিরে ভারতীয় সিনেমায় ‘অ্যাং’ ও ‘গোন্ধল’-দুটি সিনেমা নিয়েই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।