চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। কর্মসূচি বাস্তবায়নে পৌরসভার কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তারাও মাঠে নেমেছেন।
সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন জেলা প্রশাসন গঠিত সকল টিম সদস্যরা। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী নিজেও এই কর্মসূচিতে অংশ নেন। তিনি টিম-৭ এর আওতায় পৌরসভার ৭, ৮ ও ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নাগরিকদের সঙ্গে কথা বলেন।
এদিকে ডেঙ্গু মশা ও তার প্রজননস্থল ধ্বংস করতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের রেলস্টেশন সংলগ্ন প্রান্তিকপাড়া ও জিয়ানগর বস্তিতে টিম লিডার আহসান হাবীবের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ফগার দিয়ে ধোঁয়া দেয়া এবং সরু ড্রেনসহ সম্ভাব্য ডেঙ্গুর প্রজনন স্থানে লার্ভিসাইট স্প্রে করা হয়। পরিষ্কার করা হয় ড্রেনের ময়লা আবর্জনাসহ যেখানে-সেখানে ফেলে রাখা ময়লা আর্জনা। একই সঙ্গে বস্তিবাসীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এদিকে টিম-২ জানিয়েছে, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী টিম লিডার তৌফিকুল ইসলামের নেতৃত্বে ২ নম্বর ওয়ার্ডের বিভন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। এসময় হুজরাপুর জোড়া মঠ এলাকায় দুটি বাড়িতে ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করা হয়।
অন্যদিকে কাউন্সিলরের দায়িত্বে থাকা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আক্তার, জেলা জনস্বাস্থ্য অধিপ্তরের নির্বাহী পরিচালক অমিত হাসানসহ অন্য টিম লিডাররা তাদের সদস্যদের নিয়ে অনুরূপ কর্মসূচি বাস্তবায়ন করেন।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসনের এক সভায় পৌর নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ১ নম্বর টিম, নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে ২ নম্বর টিম, হিসাবরক্ষণ কর্মকর্তার নেতৃত্বে ৩ নম্বর টিম, শহর পরিকল্পনাবিদের নেতৃত্বে ৪ নম্বর টিম, বস্তি উন্নয়ন কর্মকর্তার নেতৃত্বে ৫ নম্বর টিম, হিসাবরক্ষকের নেতৃত্বে ৬ নম্বর টিম, স্যানিট্যারি ইন্সপেক্টরের নেতৃত্বে ৭ নম্বর টিম এবং কর নির্ধারকের নেতৃত্বে ৮ নম্বর টিম গঠন করা হয়।