‘আইন মেনে চলব, নিরাপদ জীবন গড়ব-সচেতন নাগরিক হবো’— স্লোগানকে সামনে রেখে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিয়ে, যৌতুক, ইভটিজিং, সাইবার সুরক্ষা, ট্রাফিক আইন, আত্মহত্যা ও অন্যান্য সামাজিক সচেতনতা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের মধ্যে এসব বিষয়ে প্রাথমিক ধারণা দিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর মডেল থানা ও ট্রাফিক পুলিশ এই বিশেষ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক।” তিনি বলেন, “বাল্যবিয়ে একটি দণ্ডনীয় অপরাধ এবং শিশুর সুন্দর ভবিষ্যৎ ধ্বংসের কারণ। ১৮ বছরের নিচে মেয়ে এবং ২১ বছরের নিচে ছেলের বিয়ে আইনত নিষিদ্ধ।”
পুলিশ সুপার বলেন, “বাল্যবিয়ের ফলে শিক্ষা ব্যাহত হয়, স্বাস্থ্যঝুঁকি বাড়ে এবং পারিবারিক কলহ সৃষ্টি হয়।” এ বিষয়ে সচেতন থাকতে এবং এমন ঘটনা দেখলে ৯৯৯ বা নিকটস্থ থানায় জানাতে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “জীবন অমূল্য, কোনো সমস্যাই জীবনের চেয়ে বড় নয়, বেঁচে থাকার নামই জীবন। পরীক্ষায় খারাপ ফল, পারিবারিক চাপ, ইভটিজিং বা মানসিক কষ্ট থেকে আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত নেয়া যাবে না। মন খারাপ বা হতাশা লাগলে পরিবার, শিক্ষক, বন্ধু অথবা পুলিশের সাথে কথা বলতে হবে। মনে রাখতে হবে, আত্মহত্যা কোনো সমাধান নয়।”
কর্মশালায় তিনি আরো বলেন— “সাইবার সুরক্ষা বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কাজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ডিজিটাল প্রতারণা থেকে রক্ষার কৌশল সম্পর্কে জানতে হবে।”
পুলিশ সুপার বলেন, “ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ, ট্রাফিক সিগন্যাল ইত্যাদির ব্যবহার এবং সড়কে চলাচলের আইনানুগ বাধ্যবাধকতার মাধ্যমে আমরা নিজেরা নিরাপদ থাকব এবং অন্যকেও নিরাপদ রাখব।”
এছাড়াও কর্মশালায় শিক্ষার্থীদেরকে ‘সততা স্টোর’ সম্পর্কে ধারণা দেয়া হয়। এই ধারণার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ জীবনে সৎ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করা হয়।
কর্মশালায় মাদক, ধূমপান, যৌতুক, ইভটিজিং ও ব্যাড টাচ, প্রতারণা, সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীরাও বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের জিজ্ঞাসা তুলে ধরেন।
পরবর্তীতে কুইজ টেস্টের মাধ্যমে সঠিক উত্তরদাতা ছাত্রীদেরকে পুরস্কৃত করা হয়।
কর্মশালায় এএসপি (প্রবি.), সদর মডেল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, ট্রাফিক পুলিশ এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।