চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়াপাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সুবাগ এলাকার এক আমবাগান থেকে সোমবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়। অভিযানের কথা টের পেয়ে পাখি শিকারিরা পালিয়ে যায়।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ। এতে সহযোগিতা করেন বন বিভাগ ও সদর মডেল থানা পুলিশ।
পরে বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্ধারকৃত ২৩টি টিয়াপাখি অবমুক্ত করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, চাঁপাইনবাবগঞ্জের সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন বলেন, বন্দিদশা থেকে মুক্ত আকাশে অবমুক্ত করা হয় পাখিগুলো। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসন সবসময় সচেষ্ট। প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্যপাখি শিকার ও অবৈধভাবে আটকে রাখা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাখি শিকারিদের আইনের আওতায় আনা হবে।