রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 20, 2026
September 20, 2026
জাতীয়
জাতীয়

অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Published: September 20, 2026 at 01:39 PM
অপ্রতিম হত্যার বিচার  সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন  হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা আশা করি, রামিসা হত্যার বিচারের মতো অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারটা সংক্ষিপ্ত সময়ে সমাপ্ত করতে পারব। বিচার করবে আদালত। আমরা সহযোগিতা করব আমাদের আইনানুগ যেসব প্রক্রিয়া আছে, সেগুলো সম্পন্ন করে চার্জশিট দাখিলের মধ্য দিয়ে।’

রবিবার দুপুরে ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনায় সারাদেশের মানুষ মর্মাহত। এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মরদেহ উদ্ধার হয়েছে এবং ১২ ঘণ্টার মধ্যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় যেসব কিশোর জড়িত, তাদের দুজনের বয়স সম্ভবত ১৮ বছরের বেশি, একজনের কম হতে পারে, এনআইডি চেক করা হচ্ছে। তারা অনেকটা কিশোর অপরাধ চক্রের মতো। তাদের সঙ্গে এই ছেলের সম্পর্ক ছিল, ওঠাবসা ছিল, বন্ধুত্ব ছিল। প্রায় সময় আড্ডা দিত। খোঁজখবর এবং অন্যান্য তথ্য নিয়ে যা দেখা গেছে, তারা অপ্রতিমের চেয়ে ৫ থেকে ১০ বছর বড়।’

তিনি বলেন, ‘যে মোবাইল নিয়ে ঘটনা, সেই মোবাইলটা উদ্ধার করা হয়েছে প্রধানতম সন্দেহভাজন আসামির কাছ থেকে। ওর নাম তুহিন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সমস্ত আলামত পাওয়া গেছে। তারা ঘটনা স্বীকার করেছে। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রম নিয়ে কাজ করছে।’

তিনি বলেন, ‘এখানে পুলিশের আমরা প্রশংসা করতে পারি যে, তারা ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন সকল আসামিকে গ্রেপ্তার করতে এবং আলামতসহ অন্য বিষয়গুলো জব্দ করতে সক্ষম হয়েছে।’

উল্লেখ্য, বন্ধুদের সঙ্গে ছবি তুলতে শুক্রবার বিকেল ৩টায় মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।