‘সুশিক্ষার পাশাপাশি, মানবসেবায় এগিয়ে আসি’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের স্বেচ্ছাসেবী সংস্থা সি.এন.পি.আই ও রোভার স্কাউটস-এর যৌথ উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার নিজস্ব তহবিল ও সংগৃহীত অর্থ দিয়ে নারায়ণপুর ইউনিয়নের বেশি ক্ষতিগ্রস্ত ও অসহায় ৩০০টি পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী হিসেবে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মো. ওমর ফারুক, অধ্যক্ষ, স্বেচ্ছাসেবী সংস্থা সি.এন.পি.আই’র উপদেষ্টা মো. শহিদুল ইসলাম, রোভার স্কাউটস লিডার ও উপদেষ্টা, সি.এন.পি.আই, মো. আজিজুর রহমান, সি.এন.পি.আই’র সভাপতি হামজা, সাধারণ সম্পাদক সাকিব সহ অন্যরা।
এই কাজে সহযোগিতা করেছেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজির হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ওমর ফারুক বলেন- সাম্প্রতিক আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দুর্গত এলাকার মানবিক বিপর্যয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এই ত্রাণ বিতরণ করা হয়।
এই ক্ষুদ্র প্রচেষ্টা অসহায় মানুষের কিছুটা হলেও উপকারে আসবে। আসুন, যেকোনো দুর্যোগে আমরা একে অপরের পাশে দাঁড়াই।