চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়নি। গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরো ৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৩ জন জটিল রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২৪ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন। অন্যদিকে ৩৪ জন সাধারণ রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় ও জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নতুন আক্রান্ত ৩৩ জনের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৬ জন পুরুষ ও ৯ জন নারীসহ ২৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন পুরুষ এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া জেলা হাসপাতালের ৩ জন ও নাচোল উপজেলার ১ সহ ৪ জন রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র দেয়া হয়েছে ৩১ জন রোগীকে। এদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ২৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
ফলে বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জন। তাদের মধ্যে পুরুষ ৬৩ জন ও নারী ২৫ জন রয়েছেন। এর মধ্যে জেলা হাসপাতালে ৫৪ জন পুরুষ ও ১৯ জন নারীসহ ৭৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ ও ২ জন নারীসহ ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন পুরুষ, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন পুরুষ ও ৪ জন নারীসহ ৭ জন ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৬৯ জন। এর মধ্যে জেলা হাসপাতালে ১ হাজার ২১০ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪১ জন ডেঙ্গু আক্রান্ত হন।