চাঁপাইনবাবগঞ্জে ১০টি ককটেল, ২ দশমিক ৮ কেজি গানপাউডার সদৃশ গুঁড়া পদার্থ এবং ২ দশমিক ১৫০ কেজি কালো বারুদ সদৃশ গুঁড়া পাউডার উদ্ধার করেছে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। গত মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে জেলার সদরে উপজেলার মহারাজপুর ইউনিয়নের এসমা কলেজপাড়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।
র্যাব আরো জানায়, র্যাবের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ৯টায় এসমা কলেজপাড়া এলাকায় আমবাগানে অভিযান চালায়। অভিযানে র্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল, ২ দশমিক ৮ কেজি গানপাউডার সদৃশ গুঁড়া পদার্থ এবং ২ দশমিক ১৫০ কেজি কালো বারুদ সদৃশ গুঁড়া পাউডার উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলের আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত আলামতগুলো নাশকতা সৃষ্টির লক্ষে দুষ্কৃতিকারীগণ সেখানে সংরক্ষণ করেছিল।
উদ্ধারকৃত আলামতগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।