‘থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ২ দিনব্যাপী ‘পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ সংক্রান্ত প্রশিক্ষণ শুরু হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান এবং প্রশিক্ষণের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. হাসান তারেক, এএসপি (প্রবি)সহ সকল প্রশিক্ষণার্থীবৃন্দ।
প্রশিক্ষণে স্থানীয় সরকার নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতকরণ এবং পুলিশের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর বলে জানানো হয়।
বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।