সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 14, 2026
September 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

কমছে পদ্মা মহানন্দা পুনভর্বার পানি প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত

Published: September 14, 2026 at 01:44 PM
কমছে পদ্মা মহানন্দা পুনভর্বার পানি প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি কমতে শুরু করেছে। তবে বানভাসি মানুষের দুর্ভোগ লাঘবে আরো বেশ কিছুদিন সময় লাগবে। এমন অবস্থায় সরকারি বরাদ্দের ত্রাণ বিতরণ অব্যাহত রাখা হয়েছে। 

সোমবার সকালে জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে সরকারি বরাদ্দের চাল বিতরণ করেন নূরুল ইসলাম বুলবুল এমপি। এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

অন্যদিকে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী নামোজগন্নাথপুর গ্রামের নিম্নাঞ্চলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। সকালে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী। 

এসময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম এবং দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আযমসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

এসময় জেলা প্রশাসক জানান, এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় ৪৪ মেট্রিক টন চাল ও ৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আরো ত্রাণসামগ্রী ও অর্থ প্রদান করা হবে।

উল্লেখ্য, উজান থেকে নেমে আসা ঢলের পানিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর, আলাতুলি এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা ও দুর্লভপুর, উজিরপুর ইউনিয়নের আংশিক বন্যাকবলিত হয়। বন্যায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রতিদিনের পানি বৃদ্ধি ও হ্রাস বিষয়ক প্রতিবেদনে সোমবার জানানো হয়েছে, গত রবিবার সকাল ৯টায় পদ্মা নদীর পাঁকা গেজ স্টেশনে পানির সমতল ছিল ২১ দশমিক ৭৩ মিটার। গত ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার কমে সমতল দাঁড়িয়েছে ২১ দশমিক ৬৮ মিটার।

অন্যদিকে গত রবিবার সকাল ৯টায় মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশনে পানির সমতল ছিল ১৯ দশমিক ৫৩ মিটার। গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার কমে পানির সমতল দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪৭ মিটার।

অপরদিকে গত রবিবার সকাল ৯টায় পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে পানির সমতল ছিল ১৯ দশমিক ৫৭ মিটার। গত ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার কমে পানির সমতল দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫৬ মিটার।

উল্লেখ্য, পদ্মায় বিপৎসীমা হচ্ছে ২২.০৫ মিটার, মহানন্দায় ২০.৫৫ মিটার এবং পুনর্ভবা নদীতে ২১.৫৫ মিটার।