সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 14, 2026
September 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র অঞ্চলে খরা সহনশীল কৃষিপ্রযুক্তি বিস্তারে প্রশিক্ষণ

Published: September 14, 2026 at 01:38 PM
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র অঞ্চলে খরা  সহনশীল কৃষিপ্রযুক্তি  বিস্তারে প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় খরা সহনশীল কৃষিপ্রযুক্তি বিস্তারের লক্ষে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ও গোবরাতলা ইউনিয়নের ২০ জন সিসিএজি সদস্য অংশগ্রহণ করেন। 

সকাল ৯টায় পলশায় রেডিও মহানন্দার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে কৃষকদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন ও খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে সচেতন করা হয়। একইসাথে খরাসহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির উঠানবাগান তৈরি, ভার্মি কম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতেকলমে দিকনির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আতিকুল ইসলাম, শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ মো. জহুরুল ইসলাম এবং প্রকল্পটির কৃষিবিদ মো. ফয়জুল হক। বরেন্দ্র অঞ্চলের বাস্তব জলবায়ুগত চ্যালেঞ্জ তুলে ধরে করণীয় সম্পর্কে বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ।

প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেয়া। এই লক্ষে ভার্মি কম্পোস্ট তৈরির উপায় ও উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

পাশাপাশি প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ এর ব্যবস্থাপক মোহন কুমার পাল। কর্মশালায় সহযোগিতা করেন সিএমও জেনারেল প্রসেনজিৎ কুমার সাহা। 

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের খরা পরিস্থিতিতে কৃষি অভিযোজন এবং নতুন প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি গ্রহণে অনুপ্রাণিত করবে।