চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নকে বাল্যবিয়ে, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরেপড়া মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ঝিলিম ইউনিয়ন পরিষদ চত্বরে চাঁপাইনবাবগঞ্জ এডিপি ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন— আমনুরা এ এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকলেছুর রহমান, আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরত-ই-খুদা, আমনুরা দাখিল মাদ্রাসার সুপার তরিকুল ইসলাম, আমনুরা পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোস্তাফিজুর রহমান ও গণমাধ্যমকর্মী আব্দুল বাশির। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্প চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রকল্প কর্মকর্তা উত্তম মণ্ডল। এছাড়া প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল কস্তা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বাল্যবিয়ে ও শিশুশ্রমের ক্ষতিকর দিক তুলে ধরে এসব প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যালয় থেকে ঝরেপড়া রোধে অভিভাবকদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় হাসিনা নামের এক অভিভাবক তার মেয়ের বাল্যবিয়ে দেয়ার পর সৃষ্ট বিভিন্ন সমস্যার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, বাল্যবিয়ের কারণে তার মেয়ে মানসিক ও শারীরিক সমস্যার পাশাপাশি পারিবারিক নানা জটিলতার মুখোমুখি হয়েছে। এ অভিজ্ঞতা তুলে ধরে তিনি অন্য অভিভাবকদের মেয়েদের অল্প বয়সে বিয়ে না দেয়ার আহ্বান জানান।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।