চাঁপাইনবাবগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন মাসব্যাপী ডেঙ্গু মশা নিধন কর্মসূচি শুরু হয়েছে। শনিবার জেলা প্রশাসন, জেলা পুলিশ পৃথকভাবে এই কর্মসূচির আয়োজন করে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে পরিষ্কার-পরিচ্ছনতার মাধ্যমে কর্মসূচির সূচনা করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
এই সময় জনবহুল এলাকায় মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইট স্প্রে করা হয় এবং জমা পানি পরিষ্কারের ওপর জোর দেয়া হয়। এসময় ঝোপঝাড়ও পরিষ্কার করা হয়।
কর্মসূচির উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীকে রক্ষা করতে প্রশাসন তৎপরতা চালিয়ে যাচ্ছে। শুধু মশা মারা নয়, সচেতনতা বৃদ্ধি এবং প্রজননস্থল ধ্বংস করা এ কর্মসূচির মূল লক্ষ্য। নাগরিক জীবন নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিনহাজুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপারের নেতৃত্বে ডেঙ্গু মশা নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
গতকাল শনিবার পুলিশ সুপারের কার্যালয়, সকল থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, পুলিশ লাইনস, ব্যারাকসহ পুলিশের সকল স্থাপনার আশপাশে একযোগে পরিষ্কার অভিযান চালানো হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাতসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
অভিযানে ডেঙ্গু মশা জন্মাতে পারে এমন স্থানগুলো পরিষ্কার করা হয় এবং যেখানে প্রয়োজন সেখানে কীটনাশক স্প্রে করা হয়। পুলিশ সুপার নিজেও পরিষ্কার অভিযানে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন জায়গা নিজ হাতে পরিষ্কার করেন।
পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেন, “আপনারা আপনাদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন। ডেঙ্গু মশা নিধনে সহায়তা করুন। ডেঙ্গু রোগ প্রতিরোধে এগিয়ে আসুন। নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ থাকতে সহযোগিতা করুন। আসুন, আমরা সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, ডেঙ্গুমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ি।”
গোমস্তাপুর : ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মশক নিধন অভিযান, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানকালে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও বাসাবাড়ির আশপাশে ফগার এবং স্প্রে মেশিনের সাহায্যে মশক নিধন ওষুধ ছিটানো হয়। একই সাথে মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, পাত্রে জমে থাকা পানি অপসারণ এবং এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করা হয়। এছাড়া ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন— গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমাসহ উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
মশক নিধন অভিযানকালে জানানো হয়, ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি। বাড়ির আঙিনা ও আশপাশ সবসময় পরিষ্কার রাখা এবং কোথাও যেন ৩ দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়।
জনস্বার্থে ও জনস্বাস্থ্য সুরক্ষায় মশক নিধন এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে।