চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নবাবগঞ্জ কলেজ ক্যাম্পাস ইসলামী ছাত্রশিবির নেতা আব্দুল মুত্তালিবের মৃত্যু হয়েছে। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী নিয়ে যাওয়ার পথে দুপুর দেড়টায় গোদাগাড়ী এলাকায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা সেক্রেটারি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল মুত্তালিব ইসলামি ছাত্রশিবিরের নবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পস শাখার সভাপতি ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকায়।
ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা সেক্রেটারি আব্দুর রহমান বলেন, আব্দুল মুত্তালিব কয়েকদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। তিনি চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুরে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। রাজশাহী নেয়ার পথে গোদাগাড়ী এলাকায় মারা যান তিনি।
২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত সোমবার রাত সাড়ে ৩টায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন আব্দুল মুত্তালিব। আজ তার অবস্থার অবনতি হলে রাউন্ডে থাকা চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। শুনেছি দুপুরের দিকে তাকে রাজশাহী নেয়ার পথে তিনি মারা গেছেন।
এদিকে আব্দুল মুত্তালিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি নূরুল ইসলাম বুলবুল, সদর শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিব ও সেক্রেটারি আব্দুর রহমান।