বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 23, 2026
September 09, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ট্রাফিক ও অন্যান্য আইনের প্রাথমিক ধারণা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

Published: September 09, 2026 at 02:04 PM
ট্রাফিক ও অন্যান্য আইনের প্রাথমিক ধারণা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ট্রাফিকসহ ও অন্যান্য আইনের প্রাথমিক ধারণা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক ও অন্যান্য আইনের প্রাথমিক ধারণা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক হয়ে গড়ে উঠবে। কাজেই প্রচলিত আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য। তিনি বলেন, নিজেদের প্রয়োজনেই ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ, ট্রাফিক সিগনাল ইত্যাদির ব্যবহার এবং গাড়ি চালানোর আইনানুগ বাধ্যবাধকতার মাধ্যমে আমরা নিজেরা নিরাপদ থাকব এবং অন্যকেও নিরাপদ রাখব। 

পুলিশ সুপার বলেন, ট্রাফিক আইন না মানার ফলে সড়কে দুর্ঘটনা ঘটে এবং মূল্যবান প্রাণহানি হয়। এছাড়া চালকরা আইন অমান্য করলে জরিমানা, লাইসেন্স বাতিলসহ বিভিন্ন আইনি জটিলতার সম্মুখীন হতে হয়। তাই নিজের ও অন্যের নিরাপত্তার স্বার্থে সকলকে অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে।

কর্মশালায় শিক্ষার্থীদেরকে ‘সততা স্টোর’ সম্পর্কে ধারণা দেয়া হয়। এই ধারণার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ জীবনে সৎ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

এছাড়াও কর্মশালায় শিক্ষার্থীদের মাদক, ধূমপান, যৌতুক, বাল্যবিয়ে, ইভটিজিং, ব্যাড টাচ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীরাও বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের জিজ্ঞাসা তুলে ধরেন। 

শিক্ষার্থীদেরকে কুইজ টেস্টের মাধ্যমে সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করা হয়।

কর্মশালায় টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ফাতেমা খানম, এএসপি (প্রবিশনাল), ট্রাফিক ইন্সপেক্টর, ট্রাফিক পুলিশসহ অন্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।