বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 09, 2026
September 08, 2026
বিনোদন
বিনোদন

ফাঁস হলো রণবীরের ‘প্রলয়’র লুক

Published: September 08, 2026 at 10:36 AM
ফাঁস হলো রণবীরের ‘প্রলয়’র লুক

‘ধুরন্ধর’ ও ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সাফল্যের পর নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বলিউড তারকা রণবীর সিং। অভিনেতার পরবর্তী সিনেমা ‘প্রলয়’-এর শুটিং ইতিমধ্যে পুরোদমে চলছে। এতে রণবীরের বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রলয়’-এর শুটিং সেটের একটি ভিডিও ও কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখান থেকে সিনেমাটিতে রণবীরের লুক ও কিছু দৃশ্যের আভাস মিলেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, রণবীর পিঠে একটি ছোট মেয়েকে নিয়ে হাঁটছেন। তার পাশেই হাঁটছেন কল্যাণী প্রিয়দর্শন। এ সময় কল্যাণীর পরনে ছিল বাদামি ট্যাঙ্ক টপ ও সবুজ ট্রাউজার। অন্যদিকে রণবীরকে দেখা গেছে একেবারেই ভিন্ন অবতারে। ছড়িয়ে পড়া ছবিতে রণবীরকে ‘ধুরন্ধর’-এর ‘হামজা’ চরিত্রের মতো লম্বা চুলে দেখা গেছে। তবে তার চেহারার চেয়ে বেশি নজর কেড়েছে সিনেমার অ্যাকশন দৃশ্যের একটি ছবি। সেখানে মাটিতে সারি সারি জোম্বিকে পড়ে থাকতে দেখা যায়। আর তাদের মাঝখানে দুর্র্ধষ অ্যাকশন পোজে দাঁড়িয়ে রয়েছেন রণবীর। ছবিটি দেখে ধারণা করা হচ্ছে, ‘প্রলয়’-এ জোম্বিকে ঘিরে বেশ কিছু রোমাঞ্চকর ও অ্যাকশনধর্মী দৃশ্য থাকছে। শুটিং সেটের সামান্য এই ঝলক প্রকাশ্যে আসতেই সিনেমাপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। অনেকেই ‘প্রলয়’-এর দৃশ্যের সঙ্গে জনপ্রিয় হলিউড সিরিজ ‘দ্য লাস্ট অব আস’ ও ‘দ্য ওয়াকিং ডেড’-এর তুলনা করছেন। রণবীরের নতুন লুক এবং সিনেমার ভিন্নধর্মী বিষয়বস্তু নিয়ে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘হামজা’র মতো লম্বা চুল থাকলেও রণবীর যেভাবে নিজেকে নতুন চরিত্রে উপস্থাপন করেছেন, তা তাঁর অভিনয় দক্ষতারই প্রমাণ। আরেকজন লিখেছেন, সিনেমাটি যদি ‘দ্য ওয়াকিং ডেড’-এর অর্ধেক মানও ধরে রাখতে পারে, তাহলে প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলবে। এদিকে রণবীরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে। ছবিটি ঘরোয়া বক্স অফিসে ১ হাজার কোটি টাকার বেশি আয় করে নতুন নজির গড়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। পরপর দুটি বড় সাফল্যের পর এবার ‘প্রলয়’ নিয়ে রণবীরের অনুরাগীদের প্রত্যাশাও বেড়েছে।