বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের আরো একটি উপকেন্দ্র গোমস্তাপুর উপজেলার রহনপুরে উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে রহনপুরের বেগুনবাড়িতে প্রধান অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান এই কেন্দ্রের উদ্বোধন করেন।
পরে একই স্থানে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের সঞ্চালনায় সভায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ আল মাহমুদ মেহেদুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল হামিদ, নিউ অটো রাইস মিলের স্বত্বাধিকারী রফিকুল ইসলামসহ অন্যরা। এ সময় আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, রহনপুরে চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের উপকেন্দ্র চালুর ফলে গোমস্তাপুরসহ আশপাশের উপজেলার মানুষের জন্য চোখের চিকিৎসা ও বিভিন্ন চক্ষুসেবা পাওয়া সহজ হবে।স্থানীয়ভাবে চক্ষু রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে ভোগান্তি কমার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় কমে আসবে বলে তারা জানান।