শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 05, 2026
September 04, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে আনন্দ-উৎসবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

Published: September 04, 2026 at 02:06 PM
চাঁপাইনবাবগঞ্জে আনন্দ-উৎসবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে আনন্দ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘ভগবান শ্রীকৃষ্ণ’র জন্মাষ্টমী।

এ উপলক্ষে শুক্রবার সকালে শিবতলা মোড়স্থ চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী শ্যামকিশোর দাস গোস্বামী। প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। সভায় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সম্পাদক শ্রী দিলীপ রায়, বাংলাদেশ হিন্দু কল্যাণ ঐক্য ফ্রন্টের আহ্বায়ক মহন্ত হালদার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা শাখার সদস্য সচিব শ্রী তরুণ সাহা এবং জন্মাষ্টমী উদযাপন কমিটির সম্পাদক নারু গোপাল পাল। গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা মনতোষ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি দীলিপ রায়সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও হিন্দু ধর্মাবলম্বীদের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য, ন্যায় ও মানবতার প্রতিষ্ঠার বার্তা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। তাই জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসব নয়, শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধেরও বার্তা বহন করে।

আলোচনা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিবতলা মোড়স্থ চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরে গিয়ে শেষ হয়। পরে শোভাযাত্রায় অংশ নেয়া বিভিন্ন সংগঠনের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়।

এ সময় দেশ ও দেশের মানুষের শান্তি-সমৃদ্ধি হাম এবং ডেঙ্গুসহ বিভিন্ন রোগ-বালাই থেকে মুক্তির জন্য প্রার্থনা করা হয়।

গোমস্তাপুর :

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১০ টায় শোভাযাত্রাটি রহনপুর সর্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে রহনপুর পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী শ্যামরায় মিলনী সনাতন সংঘ মন্দিরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি মনতোষ চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোমস্তাপুর শাখার সাধারণ সম্পাদক সুমন সাহা, রহনপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক মিটু চন্দ্র দাস, সদস্য রাজকুমার, সুশান্ত কুমারসহ অন্যরা।